
FIFA Disciplinary Committee: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) একরকম ব্যবস্থা আর অন্যদের ক্ষেত্রে আলাদা নিয়ম? চলতি বিশ্বকাপ ফুটবলে ফিফা ও ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির ভূমিকায় এই প্রশ্ন উঠছে। ক্ষোভও বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা (USA and Bosnia & Herzegovina) ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন ব্যালোগান (Folarin Balogun) লাল কার্ড দেখলেও, তাঁর নির্বাসন স্থগিত করে দেয় ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হস্তক্ষেপেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু মার্কিন ফুটবলারের লাল কার্ডের ক্ষেত্রে ফিফা নরম মনোভাব নিলেও, ফ্রান্সের এক ফুটবলারের হলুদ কার্ডের ক্ষেত্রে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির কঠোর মনোভাব দেখা গেল। এই ঘটনায় ক্ষুব্ধ ফরাসি শিবির।
চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো (France vs Morocco) ম্যাচে যে রেফারি, সহকারী রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই আর্জেন্টিনার (Argentina)। ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছে ফরাসি শিবির। এরপর অন্য এক ঘটনায় ফ্রান্সের ক্ষোভ বেড়ে গিয়েছে। রাউন্ড অফ ১৬ পর্যায়ে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে হলুদ কার্ড দেখেন মাইকেল ওলিসে (Michael Olise)। তাঁর এই হলুদ কার্ডের সিদ্ধান্ত বদলে দেওয়ার আবেদন জানায় ফরাসি ফুটবল সংস্থা (French Football Federation)। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি। মার্কিন ফুটবলারের লাল কার্ডের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফরাসি ফুটবলারের হলুদ কার্ডের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হল।
ওলিসের হলুদ কার্ডের সিদ্ধান্ত যে বহাল রয়েছে, সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। ফরাসি ফুটবল সংস্থার আশা ছিল, মার্কিন ফুটবলারের নির্বাসন স্থগিত করে দেওয়ার পর ওলিসের হলুদ কার্ডের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ফিফা বুঝিয়ে দিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে একই নজরে দেখা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।