
India A vs Australia A: ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ খবর। ভারতের মাটিতে ভারতীয় এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ দল। শুক্রবার পুদুচেরিতে রুতুরাজ গায়কোয়াড়ের দলকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৯ রানে অস্ট্রেলিয়া এ দল সিরিজ জিতল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১২৫ রানে ভারতীয় এ দলকে হারিয়েছিল দ্বিতীয় সারির অজি দল। রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুড়লেন স্যাম কোন্সটাস, জোস ফিলিপ, নাথান ম্যাকসুইনি-রা।
আজ, শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া এ দল করে ২৭৫ রান। অনবদ্য ব্যাটিং করেন অজি ওপেনার স্যাম কোনস্টাস (৬৭), তিনে নামা জোশ ফিলিপ (৫৮)। ভারতীয় এ দলের হয়ে তিনটি উইকেট নিলেন, ২টি উইকেট নেন যশ ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে একবারে তাসের ঘরের মত ভেঙে পড়ে রুতুরাজের দলের ইনিংস। মাত্র ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় এ দল। একেবারে ব্যর্থ হন সাই সুদর্শন (১৩), দেবদূত পাদিক্কল (১), অধিনায়ক রুতুরাজ (১২)। তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রা (১৭)ও রান পেলেন না। বিপর্যয়ের মধ্যে লড়েন শুধু রজত পাতিদার (৬৭)। শেষের দিকে ভিপরাজ নিগম (২৩) ও অঙ্কুল রয় (৩৪) না লড়লে ভারতীয় এ দলের লজ্জা আরও বাড়ত। ৪৫.২ ওভারে মাত্র ২০৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় এ দল।
সিরিজের প্রথম ম্যাচেও একেবারে জঘন্য ব্যাটিং করেছিলেন রুতুরাজ-রা। সেই ম্যাচে ৩২ ওভারের মধ্যে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় এ দল। সেই ম্যাচেও রজত পাতিদারের হাফ সেঞ্চুরি ছাড়া বাকি সবাই বড় ফ্লপ করেছিলেন। এই সিরিজে ভারতীয় এ দলের খারাপ পারফরম্যান্স চিন্তায় ফেলবে দেশের ক্রিকেটকে। কারণ আগামী বছর বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চ মজবুত রাখার জন্য ভারতীয় এ দলের দিকে বিশেষ নজর ছিল।