
India beats Japan T20I: ভারতের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে চমকে দিল জাপান। দুনিয়ার সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট দলের বিরুদ্ধে একেবারে আনকোড়া দেশের লড়াই নজর কাড়ল। শেষ পর্যন্ত সানো-তে হওয়া বৃষ্টির কারণে ৫ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ২ রানে জিতলেও, হৃদয় জিতল সূর্যোদয়ের দেশ। ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার বিপক্ষের ক্রিকেটারদের প্রশংসায় বললেন, জাপান আজ যে খেলল তাতে মনে হচ্ছে বড় পর্যায়ের খেলার জন্য ওরা পুরো তৈরি। জাপানের তিন বোলার চার্লি হিনজে, ইব্রাহিম তাকাহাশি আর বেঞ্জামিন ইতো ডেভিস ভারতের তারকা ব্যাটারদের হিমশিম খেলেন। ১৭ বছরের জাপানি বাঁ হাতি স্পিনার চার্লি আউট করলেন অভিষেক শর্মা ও শ্রেয়স আইয়ার-কে। এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলল জাপান। টি-২০ ক্রিকেটে ভারত যেখানে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন, সেখানে জাপানের ব়্যাঙ্কিং ৪১। কিন্তু বাইশ গজের দুনিয়ায় এত ফারাকটা এদিনের ম্যাচ দেখে মনেই হল না।
এশিয়ান গেমসের শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এদিন বাইশ গজের অচেনা দেশ জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার-রা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ ৫ ওভারের হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভার টিম ইন্ডিয়া ৪ উইকেটে করে মাত্র ৩২ রান। জাপানের বোলিংয়ের সামনে ছন্দহারা দেখায় অভিষেক শর্মা (০), সঞ্জু স্যামসন (৯), ইশান কিষাণ (৩)। মন্দের ভাল ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৬)। জবাবে ব্যাট করতে নেমে ৭ রানের মধ্যে ২ উইকেটে হারালেও জাপানের অধিনায়ক কেন্ডাল ফ্লেমিং বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন। তবে শেষ রক্ষা হয়নি।
কষ্টার্জিত জয় টিম ইন্ডিয়ার
Ishan bhai ke direct hit ke liye do shabd comments mein 🔥👇
Stream Japan vs India LIVE on FanCode 📲#JPNvIND pic.twitter.com/kYdTSos3UN— FanCode (@FanCode) September 22, 2026
শেষ ওভারে জিততে হলে জাপানকে করতে হত ৮ রান, সেখানে তারা করে ৫ রান। টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওভারে বল করেন অক্ষর প্য়াটেল। ওয়াশিংটন সুন্দর ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন। ভারত দুই স্পেশালিস্ট পেসার নিয়ে খেললেও, শুধু তিনজন স্পিনারই বল করেন (অক্ষর, ওয়াশিংটন ও রবি বৈষ্ণুই)। ৫ ওভারের ম্যাচে বল করেননি আর্শদীপ সিং ও যশ ঠাকুর।
ভারতের হয়ে এদিন কারা খেললেন- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, তিলক বর্মা,শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বৈষ্ণুই, যশ ঠাকুর, আর্শদীপ সিং।।
আগামী সপ্তাহ থেকে এশিয়ান গেমসে খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের ক্রিকেটে অভিযান শুরু করছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ভিভি লক্ষ্মণের কোচিং ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টিম ইন্ডিয়া সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। গতবার আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতছিল ভারতীয় পুরুষ দল। এবার এশিয়াডে পুরুষদের ক্রিকেটে মোট ১০টি দল অংশ নিয়েছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে। এই চারটি দেশের প্রতিপক্ষ কারা হবে তা ঠিক হবে গ্রুপ পর্যায়ে। গ্রুপ এ-তে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। সেখানে গ্রুপ বি-তে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান। ভারতের প্রতিপক্ষ হবে গ্রুপ এ-র রানার্স দল (সম্ভাব্য প্রতিপক্ষ- নেপাল বা জাপান)। পাকিস্তানের প্রতিপক্ষ গ্রুপ বি-র রানার্স সম্ভাব্য প্রতিপক্ষ- ওমান)। সেখানে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ-র চ্যাম্পিয়নের সঙ্গে ( সম্ভাব্য প্রতিপক্ষ- মালয়েশিয়া)। আর শ্রীলঙ্কার শেষ আটের প্রতিপক্ষ গ্রুপ এ-র চ্যাম্পিয়ন (সম্ভাব্য প্রতিপক্ষ- আফগানিস্তান)। দুটি সেমিফাইনাল ম্যাচ পয়লা অক্টোবর। সোনা জয়ের ম্যাচ ৩ অক্টোবর।