
India vs Pakistan U19 Asia Cup: ছোটদের এশিয়া কাপে মেগা দ্বৈরথে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান। অনুর্ধ্ব ১৯ এমার্জিং এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান। সাত নম্বরে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি করে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে হারালেন পাকিস্তানের হামজা জাহুর। ওমানে আয়োজিত মহারণ ম্যাচে ১১ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৯ রান তুলে নেয় পাকিস্তান। ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২০৭ রানে অল আউট হয়ে যায়।
জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ৬১ রানের মধ্যে দলের অর্ধেক ইনিংস হারিয়ে একেবারে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জেতালেন ১৯ বছরের উইকেটকিপার-ব্যাটার হামজা। বৃথা গেল ভারতের অর্জুন রাজপুতের ৮৫ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস।
দেখুন ভিডিও
Magnificent hundred from Hamza Zahoor.
Pakistan beats India https://t.co/V1tbBRi8r0
— Faisal (@Sunny29548707) November 8, 2026
১০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে সাজানো ১০৮ বলে ১০০ রানের ইনিংসে হামজা ভারতীয় ছোটদের দলকে হারিয়ে দিলেন। হামজা ছাড়া পাকিস্তানের মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান করেন- হাসনাইন আব্বাস দার (৩৮) ও আব্দুল কাদির। পাকিস্তানের টপ অর্ডার ও মিডল অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়েও অভিজ্ঞতার অভাবে ম্যাচ বের করতে পারলেন না ভারতীয়রা। ভারতের বাঁ হাতি স্পিনার মানাল চৌহান ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন মোহিত উলভা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ব্যাটিং আজ বেশ হতাশজনক হয়। শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান দলের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। এরপর ভাল শুরু করেও আউট হয়ে যান ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ (৪০ বলে ২২)। ৬ নম্বরে নেমে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড় (১৬ বলে ১০ রান) কিছুই করতে পারেননি। ৮৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বেজায় চাপে পড়ে গিয়েছিল ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। সেই চাপের মুখে দাঁড়িয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেন পঞ্জাবের অর্জুন রাজপুত। মাত্র ৮৫ বলে ১০৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অর্জুন। হাঁকান ৫টি ওভার বাউন্ডারি, ১১টি বাউন্ডারি। শেষের দিকে ২৩ রানের গুরত্বপূর্ণ ইনিংস খেলে দলের রানকে ২০০ টপকে দেন কাব্য প্রসাদ প্যাটেল। তবে এরপরেও ম্যাচ জেতা হল না।
এদিন হারলেও সেমিফাইনালে উঠতে অসুবিধা হবে না ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের। মঙ্গলবার সংযুক্ত আরবআমিরশাহি বা ইউএই অনুর্ধ্ব ১৯ দলকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে ভারতীয় দল। প্রসঙ্গত, টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে নেপালকে দশ উইকেটে হারায় ভারতীয় দল। পাকিস্তান হারিয়েছিল ইউএই-কে। আট দলের এমার্জিং এশিয়া কাপের গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও ইউএই। আর গ্রুপ বি-তে রাখা হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে।