
Indian Football Team: ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের জন্য চলতি বছরের অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাত্র ১০ দিনের মধ্যে এবারের বিশ্বকাপ ফুটবলে যোগ দেওয়া তিন দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এর মধ্যে দুই দল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার (Panama) বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। এরপর ৬ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। এরপর ৬ অক্টোবর কলকাতাতেই উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) পক্ষ থেকে ভারতীয় দলের এই সূচির কথা জানানো হয়েছে। এই সূচি দেখে বাংলার ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত।
গত শতাব্দীর আটের দশকে নেহরু কাপ খেলতে কলকাতায় এসেছিল উরুগুয়ের সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দল। কয়েক দশক পর আবার কলকাতায় আসছে উরুগুয়ে দল। ব্রাজিল দলকে নিয়ে কলকাতায় যেমন আগ্রহ রয়েছে, তেমনই উরুগুয়ে দলকে নিয়েও আগ্রহ রয়েছে। সেই তুলনায় পানামা দলকে নিয়ে আগ্রহ কম। কারণ, আন্তর্জাতিক ফুটবলে পানামার তেমন সাফল্য নেই। ব্রাজিল সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় দল। উরুগুয়েও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। তবে এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। গ্রুপ এইচ-এ তৃতীয় হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লা সেলেস্তে (La Celeste)। সৌদি আরব (Saudi Arabia) এবং এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা কেপ ভার্দের (Cape Verde) বিরুদ্ধে ড্র করার পর শেষ ম্যাচে স্পেনের (Spain) কাছে ০-১ গোলে হেরে যায় উরুগুয়ে। স্পেনই শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে এগিয়ে যায়। এখন ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে উরুগুয়ে। ফলে ঘরের মাঠে ভারতের জন্য ম্যাচটি নিঃসন্দেহে কঠিন পরীক্ষা হতে চলেছে।
উরুগুয়ের সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ দিয়েগো ফোরল্যান (Diego Forlan) ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2010) অসাধারণ পারফরম্যান্স দেখানোর কয়েক মাস পরেই কলকাতায় এসেছিলেন। ২০১৬ সালের আইএসএল-এ (Indian Super League 2016) মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) হয়ে খেলেছিলেন। তিনি এক দশক পর কলকাতায় আসছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।