
Indian Football Team: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ভারতীয় পুরুষ ফুটবল দল ২০২৬ সালের নভেম্বর মাসে, নিউজিল্যান্ড সফরে যাবে। FIFA-র আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে তারা আয়োজক দেশের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১২ এবং ১৫ নভেম্বর।
প্রথম ম্যাচটি খেলা হবে অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরের সময় এই ম্যাচগুলির ঘোষণা করা হয়। দুই দেশের মধ্যে '100 Years of Unity Through Sport' উদযাপনের অংশ হিসেবে এই ক্রীড়া ইভেন্টগুলি আয়োজন করা হচ্ছে।
এর আগে ভারত এবং নিউজিল্যান্ড মাত্র দু'বার মুখোমুখি হয়েছে। ১৯৮১ সালে মালয়েশিয়ায় মারডেকা টুর্নামেন্টে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর ২০১৮ সালে মুম্বইতে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত ২-১ গোলে জেতে। তবে ভারতীয় পুরুষ দলের জন্য এটিই প্রথম নিউজিল্যান্ড সফর হতে চলেছে। ২০০৫ সালে ফিজি-র বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি খেলার পর ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (OFC)-এর কোনো সদস্য দেশে এটাই প্রথম সফর ভারতের।
নিউজিল্যান্ড সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিয়েছিল, যেখানে তারা ইরানের সঙ্গে ড্র করে এবং মিশর ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়। ভারতের হেড কোচ খালিদ জামিল এই সফর নিয়ে জানিয়েছেন, "যারা উচ্চ পর্যায়ে খেলে, তাদের বিরুদ্ধে নামাটা সবসময়ই একটা ভালো অভিজ্ঞতা। নিউজিল্যান্ড একটি সংগঠিত দল এবং তাদের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও আছে। দেশের বাইরে তাদের বিরুদ্ধে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে। আমরা এই ম্যাচগুলোর জন্য মুখিয়ে আছি।"
বৃহস্পতিবার, ১২ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (গো মিডিয়া স্টেডিয়াম, অকল্যান্ড) রবিবার, ১৫ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়াম, ক্রাইস্টচার্চ)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।