Indian Super League 2026: আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে সোমবার, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামে মোহনবাগান। প্রথম ম্যাচটিই ছিল অ্যাওয়ে। উল্টোদিকে নর্থইস্টও এই ম্যাচের মধ্য দিয়ে তাদের আইএসএল অভিযান শুরু করল (Indian Super League 2026)। তবে তারা হোম ম্যাচ খেলতে নামে। আর সেই ম্যাচেই সবুজ মেরুনের হার। দেশের অন্যতম সেরা মেগা এই ফুটবল টুর্নামেন্ট এমজি ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে সোমবার, মুখোমুখি হয় মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। যদিও গোটা ম্যাচে দুই দল একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু গোল আসেনি। খেলার একমাত্র গোলটি এসেছে ম্যাচের অতিরিক্ত সময়ে। ৯২ মিনিটের মাথায়, জিথিন এম.এস-এর দুর্দান্ত এবং জয়সূচক গোলে ম্যাচ জিতে নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। আর এই জয়ের সুবাদেই, ঘরের মাঠে মোহনবাগানকে তারা হারাল (northeast united vs mohun bagan)।
যদিও ম্যাচে উভয় দলই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথম মিনিটেই নর্থইস্ট ইউনাইটেড গোলের সুযোগ তৈরি করে। তবে মোহনবাগানের গোলকিপার ভিশাল কেইথ সতর্ক থাকায় গোল আসেনি। এরপর ম্যাচের ৯ মিনিটে, মোহনবাগানও সুযোগ তৈরি করে। লি আরউইনের শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। ফলে, ম্যাচের স্কোরলাইন অপরিবর্তিত থাকে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আশির আখতারের পরিবর্তে জিথিনকে মাঠে নামায় নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে, মোহনবাগান আবার ছাংতেকে তুলে নিয়ে মনবীর সিংকে নিয়ে আসে। তবে এই কথা ঠিক যে, দ্বিতীয়ার্ধে মোহনবাগান অনেক বেশি আক্রমণ তুলে আনে। কিন্তু নর্থইস্ট গোলকিপার গুরমিত সিংয়ের গুরুত্বপূর্ণ কিছু সেভ তাদেরকে লড়াইতে টিকিয়ে রাখে।
THREE POINTS. CLEAN SHEET. A WILD WILD NORTHEAST 🐺❤️🔥
Jithin’s late, late winner seals a dream start to #MGISL13 🔴⚪️⚫
#StrongerAsOne #8States1United https://t.co/C2GVpMQ9hk
— NorthEast United FC (@NEUtdFC) October 12, 2026
ম্যাচের ৫৯ মিনিটে, ফের পরিবর্তন আসে সবুজ মেরুনের প্রথম একাদশে। সাহাল আবদুল সামাদ এবং লি আরউইনের জায়গায় মাঠে নামেন লিস্টন কোলাসো এবং মিগুয়েল। পাশাপাশি আবার নর্থইস্ট ইউনাইটেডও তাদের আক্রমণভাগকে শক্তিশালী করার লক্ষ্যে জোড়া পরিবর্তন করে। ম্যাকার্টন নিকসন এবং ইথান গঞ্জালেসের জায়গায় যথাক্রমে পার্থিব গগৈ ও নিকোলা প্রথম একাদশে আসেন। তারপরেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট। আলাউদ্দিন আজারাইয়ের দূরপাল্লার শটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। খেলার ৮৩ মিনিটে, নিকোলার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরেই আবার ৮৭ মিনিটের মাথায় পাল্টা সুযোগ চলে আসে বাগান শিবিরের সামনে। লিস্টনের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে শট নেন সুহেইল ভাট। কিন্তু এক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট।
কিন্তু এরপরেই সেই নাটকীয় মুহূর্ত। খেলা তখন অতিরিক্ত সময়ে গড়িয়ে গেছে। ৯৪ মিনিটের মাথায়, মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ প্রথম চেষ্টায় সেভ করলেও ফিরতি বলে শট নেন জিথিন এম.এস এবং গোল। এটিই ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল। শেষপর্যন্ত, মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ পকেটে নেয় নর্থইস্ট ইউনাইটেড। তাদের দলের হেড কোচ জুয়ান পেদ্রো বেনালির কাছে পরাজিত মোহনবাগান হেড কোচ পানাজিওটিস ডিলম্পেরিস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।