IPL Playoff Scenario:আজ, রবিবার আইপিএল 2026-এ লিগ পর্যায়ের শেষ হতে চলেছ। সুপার সানডে-তে হবে দুটি ম্যাচ। এই জোড়া ম্যাচ শেষেই বোঝা যাবে চতুর্থ দল হিসেবে কোন দল প্লে অফে খেলবে। প্লে-অফের তিনটি জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু চতুর্থ তথা শেষ টিকিট কার হাতে যাবে, তার নিষ্পত্তি হতে চলেছে আজই। আর সেই লড়াইয়ে জড়িয়ে রয়েছে একাধিক সমীকরণ, নাটকীয় সম্ভাবনা এবং নেট রান রেটের অঙ্ক। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। দুপুর সাড়ে তিনটি থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলা এই ম্যাচ কার্যত 'ডু অর ডাই' পরিস্থিতি তৈরি করেছে রাজস্থানের সামনে। সমীকরণ খুব স্পষ্ট, মুম্বইকে হারাতে পারলেই সরাসরি প্লে-অফে উঠে যাবে রাজস্থান। সেক্ষেত্রে বিদায় নেবে পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে হারলেই শেষ হয়ে যাবে রিয়ান পরাগ, বৈভব সূর্যবংশীদের অভিযান।
রাজস্থান হেরে গেলে প্লে অফে ওঠার অঙ্ক ঝুলে থাকবে শেষ ম্যাচ পর্যন্ত। রাজস্থানের হারের দিকে তাকিয়ে রয়েছে কেকেআর (১৩ পয়েন্ট)। যদিও কলকাতার সম্ভাবনা এখনও অত্যন্ত কঠিন এবং পুরোপুরি নির্ভর করছে নেট রান রেটের উপর। বর্তমানে সেই লড়াইয়ে এগিয়ে রয়েছে পঞ্জাব কিংস (১৫ পয়েন্ট)। কলকাতার সামনে সমীকরণও প্রায় অসম্ভবের কাছাকাছি। ইডেনে দিল্লির বিরুদ্ধে আজ যদি নাইট রাইডার্সে আগে ব্যাট করে, তাহলে তাদের বিশাল ব্যবধানে জিততে হবে, অন্তত ৭৭ রানে। আর রান তাড়া করলে লক্ষ্য পূরণ করতে হবে প্রায় ১২ থেকে ১২.৪ ওভারের মধ্যেই। এই ব্যবধান না হলে পাঞ্জাবকে টপকে যাওয়া সম্ভব হবে না।
প্রসঙ্গত, রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু (১৮ পয়েন্ট), গুজরাট টাইটান্স (১৮ পয়েন্ট) ও সান রাইজার্স হায়দরাবাদ (১৮ পয়েন্ট) আগেই প্লে অফে উঠে গিয়েছে। নেট রানরেটে এক ও দুইয়ে শেষ করছে যথাক্রমে বেঙ্গালুরু, গুজরাট। প্লে অফের চতুর্থ দল হিসেবে কে উঠবে সেটা নিয়েই আজ লড়াই। মূল লড়াইটা রাজস্থান রয়্য়ালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। তবে এই দুটি দল না পারলে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস প্লে অফে উঠে যাবে।
জিতলেই রাজস্থান প্লে অফে, বৈভবরা হারলে কেকেআর-এর সামান্য সুযোগ থাকছে
ফলে আজকের ম্যাচগুলো শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, প্রতিটি রান, প্রতিটি ওভার এবং প্রতিটি উইকেটের হিসেবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। রাজস্থানের ভাগ্য তাদের নিজেদের হাতেই থাকলেও, সামান্য ভুলই খুলে দিতে পারে কলকাতার জন্য দরজা। আবার কেকেআরের জন্য প্রয়োজন প্রায় নিখুঁত পারফরম্যান্স। দিন শেষে স্পষ্ট হয়ে যাবে। শেষ প্লে-অফের টিকিট কার দখলে যাচ্ছে। আর সেই কারণেই আইপিএলের লিগ পর্বের এই দিনটিকে মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিনগুলির একটি বলেই মনে করা হচ্ছে।
পয়েন্ট তালিকায় কে কোথায়-
১) বেঙ্গালুরু: ১৮ পয়েন্ট (১৪ ম্যাচে)
২) গুজরাট: ১৮ পয়েন্ট (১৪ ম্যাচে)
৩) হায়দরাবাদ: ১৮ পয়েন্ট (১৪ ম্যাচে)
৪) পঞ্জাব: ১৫ পয়েন্ট (১৪ ম্যাচে)
৫) রাজস্থান: ১৪ পয়েন্ট (১৩ ম্যাচে)
৬) কলকাতা: ১৩ পয়েন্ট (১৩ ম্যাচে)
৭) চেন্নাই: ১২ পয়েন্ট (১৪ ম্যাচে)
৮) দিল্লি: ১২ পয়েন্ট (১৩ ম্যাচে)
৯) মুম্বই: ৮ পয়েন্ট (১৩ ম্যাচে)
১০) লখনৌ: ৮ পয়েন্ট (১৪ ম্যাচে)