Ivory Coast vs Norway: চলতি ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে, রাউন্ড অফ ৩২-র লড়াইতে মুখোমুখি হয় আইভরি কোস্ট বনাম নরওয়ে (Ivory Coast vs Norway)। সেই ম্যাচেই আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা পাকা নরওয়ের, গোল করলেন নুসা এবং হালান্ড (Norway vs Ivory Coast score update)।
ম্যাচ শুরু হয় কিছুটা ধীরগতিতে। তবে খেলা আসতে আসতে নিজেদের দিকে ঘোরাতে শুরু করে নরওয়ে। বলা চলে, ম্যাচের রাশ হাতে নিতে শুরু করেন হালান্ডরা। একটা সময় আইভরি কোস্ট আক্রমণ শানাতে শুরু করে। সেই আক্রমণ সামলে এবং বল পজিশন বাড়িয়ে পাল্টা অ্যাটাকে আসা শুরু করে নরওয়ে।
৮ মিনিটের মাথায়, আইভরি কোস্ট ফরোয়ার্ড ইয়ান দিওমান্দের হেডার একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সুযোগ নষ্ট করেন ঘিসলাইন কোনান। ম্যাচের ২৮ মিনিটে, ফের সুযোগ আসে আইভরি কোস্টের সামনে। ইয়ান দিওমান্দের ক্রস থেকে নিকোলাস পেপের ডান পায়ের শট বাইরে চলে যায়। কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে প্রতি আক্রমণে ফেরে নরওয়ে। ম্যাচের ৩৭ মিনিটে, আর্লিং হালান্ডের হেডার সেভ করেন আইভরি কোস্ট গোলকিপার ইয়াহিয়া ফোফানা।
কিন্তু ৩৯ মিনিটে, ডেডলক ভাঙে নরওয়ে। মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্ট থেকে আন্তোনিও নুসার ডান পায়ের মাপা শট টপ রাইট কর্নার দিয়ে সোজা জালে জড়িয়ে যায়। আক্ষরিক অর্থেই অসাধারণ গোল। নরওয়ে ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দেন নুসা। এককথায় বলতে গেলে, অনবদ্য শটে দুরন্ত গোল।
তবে তার কয়েক মিনিটে বাদেই একটি পজিটিভ মুভ করে আইভরি কোস্ট। এমানুয়েল আগবাদুর হেডটি একটুর জন্য বাইরে চলে যায়। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতেই আইভরি কোস্টের আক্রমণ। ম্যাচের ৫৫ মিনিটে, নিকোলাস পেপের শট প্রথমে সেভ করেন নরওয়ে গোলকিপার অরজান নাইল্যান্ড। এরপর ফিরতি বলে ফ্রাঙ্ক কেসির ডান পায়ের শটটিও রুখে দেন নাইল্যান্ড। নিঃসন্দেহে ভালো সেভ।
অন্যদিকে, দুটি পরিবর্তন আসে আইভরি কোস্ট দলে। অ্যাঞ্জে-ইয়োয়ান বনির জায়গায় মাঠে আসেন এলি ওয়াহি এবং ক্রাইস্ট ইনাও ওলাইয়ের বদলে নামেন আমাদ দিয়ালো। ৬৪ মিনিটের মাথায়, তারা একটি ভালো আক্রমণ তুলে আনে। তবে গুয়েলা দুয়ের শট বাইরে চলে যায়। আবার ৬৭ মিনিটে, নরওয়ে ডিফেন্ডার টরবিওর্ন হেগেমের শট ব্লক হয়।
ম্যাচের ৭১ মিনিটে, নরওয়ের প্রথম একাদশে দুটি বদল আসে। আন্তোনিও নুসার পরিবর্তে মাঠে আসেন আন্দ্রেয়াস স্জেল্ডারুপ এবং আলেকজান্ডার সারলোথের পরিবর্তে খেলতে নামেন অস্কার বব। এরপরই ম্যাচে নাটকীয় মোড়। খেলার ৭৪ মিনিটে, নিকোলাস পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সের ডানদিক দিয়ে দ্রুতগতির দৌড়ে আক্রমণ তুলে আনেন আমাদ দিয়ালো। তারপর নরওয়ে ডিফেন্সকে পরাস্ত করে বাঁ পায়ের জোরালো শটে বলকে সোজা জালে জড়িয়ে দেন। সেই সুবাদেই ম্যাচে সমতা ফেরায় আইভরি কোস্ট। অসাধারণ গোল একজন ইউটিলিটি ফুটবলারের পা থেকে। খেলার ফলাফল দাঁড়ায় ১-১।
তবে নরওয়ের ফুটবল ছিল আলাদাই। তাই খুব দ্রুত ম্যাচে ফেরত এল তারা। খেলার ৮৬ মিনিটে, প্যাট্রিক বার্গের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শটে গোল করে যান আর্লিং হালান্ড এবং নরওয়ে লিড নেয় ২-১ ব্যবধানে। তখন আর বেশি সময় বাকি নেই। তাই লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে আইভরি কোস্ট। এমনকি, স্ট্রাইকার ইভান গেসান্ডকেও নামিয়ে দেন কোচ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
তারই মধ্যে একটি সুযোগ থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল তারা। ইনজুরি টাইমে আমাদ দিয়ালোর জোরালো শট টপ লেফট কর্নারে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন নরওয়ের গোলকিপার অরজান নাইল্যান্ড। দুর্দান্ত সেভ। এরপর আর গোল করতে পারেনি আইভরি কোস্ট।
শেষপর্যন্ত, আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল নরওয়ে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।