
Javier Milei: একদিকে বিশ্বকাপ ফাইনালের লড়াইতে নামছে আর্জেন্টিনা এবং স্পেন, আর অন্যদিকে খেলা দেখতে মাঠে যাবেন না খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর মতো হাই-প্রোফাইল অতিথিদের সঙ্গে বসে খেলা দেখার আমন্ত্রণ থাকলেও তিনি যাচ্ছেন না। কারণটা কী? পুরোপুরি এটা বিশ্বাস আসলে। আমেরিকার নিউ জার্সিতে স্টেডিয়ামে যাওয়ার বদলে তিনি নিজের সরকারি বাসভবন ওলিভোস-এ বসেই টিভিতে খেলা দেখবেন। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটা ম্যাচ তিনি এখান থেকেই দেখেছেন, আর প্রত্যেকটাতেই দল জিতেছে। তাই এই 'লাকি চার্ম' ভাঙতে চাইছেন না মিলেই। শুধু তাই নয়, খেলা দেখার সময় তাঁর একটা বিশেষ পোশাকও আছে।
স্থানীয় একটি রেডিও স্টেশন 'এল অবজারভেটরি'-কে মিলেই নিজেই জানিয়েছেন তাঁর এই অদ্ভুত বিশ্বাসের কথা। তিনি বলেন, "ঠান্ডা থাকা সত্ত্বেও আমি হিটার চালাই না। তার বদলে একটা তেল কোম্পানির লোগো দেওয়া মোটা জ্যাকেট পরে থাকি।" সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচের সময় গরম লাগায় তিনি জ্যাকেটটা খুলে ফেলেছিলেন। আর ঠিক তার পরেই আর্জেন্টিনা একটা গোল খায়! মিলেই বলেন, "আমি সঙ্গে সঙ্গে জ্যাকেটটা আবার পরে নিই। তারপর থেকে খেলা শেষ না হওয়া পর্যন্ত ওটা খুলিনি আর।"
আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে তিনি এবারও বাড়িতে বসেই ওই জ্যাকেট পরে খেলা দেখবেন। লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, এই ধরনের বিশ্বাসকে 'কাবালাস' (cabalas) বলা হয়। ফুটবলপাগল আর্জেন্টাইনদের কাছে এটি হল দলের জয়ের জন্য পালন করা একটা কঠোর নিয়ম। যেমন দল জিততে শুরু করলে পুরো টুর্নামেন্ট একই জামা পরা (না কেচে), বা খেলা দেখার সময় একই জায়গায় বসা—এগুলো সমর্থকদের মধ্যে খুব সাধারণ ব্যাপার।
আর্জেন্টিনার প্রেসিডেন্টদের স্টেডিয়াম থেকে দূরে থাকার পিছনে কয়েক দশকের পুরনো একটা গল্প আছে। ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম স্টেডিয়ামে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। কিন্তু সেই ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যায় আর্জেন্টিনা। এরপর থেকেই মেনেমকে 'মুফা' (mufa) বা 'অপয়া' বলে দাগিয়ে দেওয়া হয়। তারপর থেকে আর কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে দেখার সাহস করেননি। সেই ইতিহাসের পুনরাবৃত্তি এড়াতেই হাভিয়ের মিলের এই জ্যাকেট-পরীক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।