Hylo Open 2026: সম্প্রতি জার্মানিতে (Germany) হাইলো ওপেনে সাফল্য পেয়েছেন দুই ভারতীয় শাটলার। মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু (PV Sindhu) এবং পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কিন্তু সাফল্য পাওয়ার পরেও এই দুই শাটলার সরকারি অর্থসাহায্য পাচ্ছেন না।
KNOW
Badminton News: ইউরোপে (Europe) খেলতে গিয়ে সাফল্য পেয়েছেন। জার্মানিতে (Germany) হাইলো ওপেন (Hylo Open 2026) চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ফরাসি ওপেনেও (French Open 2026) ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ইউরোপ সফরে ভারতীয় শাটলারদের জন্য কোনও আর্থিক সাহায্যই দেয়নি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India)। ফলে যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ নিজেদেরই বহন করতে হয়েছে খেলোয়াড়দের। এমনকী, কয়েকজন শাটলারকে কোচ ছাড়াই প্রতিযোগিতায় নামতে হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ড (Finland), ডেনমার্ক (Denmark), ফ্রান্স (France) ও জার্মানিতে আয়োজিত চারটি টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের আর্থিক অনুমোদন দেয়নি সাই। ৬ অক্টোবর ফিনল্যান্ডের ভান্তায় (Vantaa) শুরু হওয়া আর্কটিক ওপেন (Arctic Open 2026) শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে খেলোয়াড়দের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে বিকল্প ব্যবস্থা করার জন্য খুব বেশি সময় পাননি তাঁরা।
নিজেই খরচ বহন করেছেন সিন্ধু
সাই-এর কাছ থেকে অর্থসাহায্য না পেয়ে বিস্মিত সিন্ধু। তবে অর্থের অভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবেননি। নিজের সাধ্যমতো খরচ বহন করার পাশাপাশি তাঁর পাশে দাঁড়িয়েছিল পৃষ্ঠপোষক সংস্থা অলিম্পিক গোল্ড কোয়েস্ট (Olympic Gold Quest)। এই তারকা শাটলার বলেছেন, ‘বিষয়টি জানার পর আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, কীভাবে আর্থিক অনুমোদন পাওয়া গেল না! আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে সেই মুহূর্তে আমি ঠিক করতে পারতাম না যে অর্থের ব্যবস্থা না হলে খেলব না। আমার কাছে প্রতিযোগিতায় যোগ দেওয়া এবং নিজের খেলায় মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কেন আর্থিক সাহায্য পাওয়া গেল না, সেটা নিয়ে বিস্ময় ছিলই। তবে নিজের মতো কিছু খরচ সামলেছি। অলিম্পিক গোল্ড কোয়েস্টও আমাকে সাহায্য করেছে।’
কেন সরকারি সাহায্য পেলেন না সিন্ধুরা?
জানা গিয়েছে, ফিনল্যান্ডের প্রথম প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করার কথা জানিয়েছিল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Badminton Association of India)। কিন্তু অন্য টুর্নামেন্টগুলিতে আর সাহায্য করা হয়নি। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) ব্যাডমিন্টনের ব্যক্তিগত বিভাগে পদক জিততে পারেনি ভারত। অনেকে বলছেন, এই কারণেই সিন্ধুদের আর্থিক সাহায্য করেনি সাই। যদিও সাই-এর এক আধিকারিকের দাবি, ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তাব জমা দিতে পারেনি বলেই অর্থ বরাদ্দ করা সম্ভব হয়নি। সাই-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগিতা শুরুর অন্তত ৩০ দিন আগে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাকে আর্থিক সাহায্যের প্রস্তাব জমা দিতে হয়। উরোপ সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তাব, এমনকী খেলোয়াড়দের নামের তালিকাও নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






