Manchester City: নিকোলাস জ্যাকসনের জোড়া গোল, চলতি প্রিমিয়ার লিগে প্রথম হার ম্যান সিটির

Published : Oct 24, 2026, 08:58 PM IST
Aston Villa vs Manchester City

সংক্ষিপ্ত

Manchester City FC: নয় মরসুূম ধরে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কড়া শাস্তির মুখে ম্যাঞ্চেস্টার সিটি। এরই মধ্যে শনিবার প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) অ্যাস্টন ভিলার (Aston Villa) কাছে হেরে ধাক্কা খেল ম্যান সিটি। চলতি প্রিমিয়ার লিগে প্রথমবার হেরে গেল ম্যান সিটি।

DID YOU KNOW ?
শাস্তি পাবে ম্যান সিটি?
ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে কঠোর শাস্তি হতে পারে।

Aston Villa vs Manchester City: শনিবার চলতি প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) প্রথম হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-২ হেরে গেল পেপ গার্ডিওলার (Pep Guardiola) দল। ঘরের মাঠে ভিলার জয়ের নায়ক নিকোলাস জ্যাকসন (Nicolas Jackson)। তাঁর জোড়া গোলেই জয় পেল ভিলা। ম্যান সিটির হয়ে একমাত্র গোল করেন আর্লিং হ্যালান্ড (Erling Haaland)। কিন্তু তাঁর গোলেও হার এড়াতে পারল না ম্যান সিটি। এই হারে ধাক্কা খেলেন হ্যালান্ডরা। তাঁদের ছন্দ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কায় সমর্থকরা।

আক্রমণাত্মক ফুটবলে জয় অ্যাস্টন ভিলার

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অ্যাস্টন ভিলা। ছয় মিনিটের মধ্যেই এগিয়ে যায় উনাই এমেরির (Unai Emery) দল। ম্যান সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহির (Marc Guéhi) ভুলের সুযোগ নিয়ে বল দখল করেন জন ম্যাকগিন (John McGinn)। তাঁর পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে জোরালো শটে জালে বল জড়িয়ে দেন জ্যাকসন। ফলে এগিয়ে যায় ভিলা। গোল হজম করার পর ধীরে ধীরে ম্যাচে ফেরে সিটি। বলের দখল বাড়িয়ে একের পর এক আক্রমণ তুলে আনে তারা। ইলিমান এনদিয়ের (Illiman Ndiaye) শট পোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথমার্ধে আর গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ম্যান সিটি। দ্রুত নেওয়া ফ্রি-কিক থেকে এনদিয়ের ক্রস পৌঁছে যায় বক্সে। হেডে গোল করে সমতা ফেরান হ্যালান্ড। চলতি প্রিমিয়ার লিগে টানা সাতটি অ্যাওয়ে ম্যাচে গোল করার নজিরও গড়েন নরওয়ের (Norway) তারকা। কিন্তু সিটির সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই ফের এগিয়ে যায় ভিলা। পরিবর্ত হিসেবে নামা ইব্রাহিম এমবায়ের (Ibrahim Mbaye) পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে যান জ্যাকসন। তাঁর নিচু শট আটকাতে ব্যর্থ হন সিটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা (Gianluigi Donnarumma)। ২-১ এগিয়ে যায় ভিলা। শেষপর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে তারা। ম্যাচের শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় সিটি। হ্যালান্ডের একটি হেড গোললাইন থেকে বিপদমুক্ত করেন ইয়ান মাতসেন (Ian Maatsen)। গোলকিপার জিয়ন সুজুকিও (Zion Suzuki) কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ভিলার জয় নিশ্চিত করেন।

হেরেও লিগ টেবলের শীর্ষে ম্যান সিটি

এই জয়ের ফলে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে উঠে এল অ্যাস্টন ভিলা। অন্যদিকে, আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যাঞ্চেস্টার সিটি। তবে পরে আর্সেনাল (Arsenal FC) জিতলে শীর্ষে সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ঘুচে যেতে পারে। মরশুমের শুরুটা ধীরগতিতে হলেও পরপর জয় তুলে নিয়ে ছন্দে ফিরছে ভিলা। প্রথম হারের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোই এখন সিটির লক্ষ্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২১
৮ ম্যচে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি।
শনিবার হেরে গেলেও, ৮ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে চলতি প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

PV Sindhu: ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন, পি ভি সিন্ধুর সামনে বিশ্বসেরা কোরিয়ান শাটলার
New Zealand vs India: 'তোমার উপর সারা দেশের ভরসা আছে,' গম্ভীরের কথায় অনুপ্রাণিত তিলক ভার্মা