Matías Galarza Fastest Goal: ফুটবল বিশ্বকাপে নয়া রেকর্ড (World Cup fastest goal)। ইতিহাসে নাম লেখালেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে, দ্রুততম গোলটি এল তাঁর পা থেকেই। তুরস্কের বিরুদ্ধে গ্রুপ ডি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে শবিবার, খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মধ্যেই তিনি গোল করে নয়া রেকর্ড গড়লেন। সেইসঙ্গে, মরক্কোর ইসমাইল সাইবারির করা ৭০ সেকেন্ডের গোলের রেকর্ডটিও ভেঙে দেন তিনি (Matias Galarza 64 second goal)।
তুরস্কের ডিফেন্সের একটি ভুলের সুযোগ নেন ২৪ বছর বয়সী এই ফুটবলারটি। পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শটে তুরস্কের গোলকিপার উরজান চাকিরকে পরাস্ত করে বল চলে যায় সোজা জালের ভিতর। গোটা ম্যাচে এই একটি মাত্র গোলই হয়েছে। আর সেই সুবাদেই প্যারাগুয়ে ১-০ গোলে ম্যাচটি জিতে নেয়।
মজার ব্যাপার হল, এই টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ডটি মাত্র কয়েক ঘণ্টার জন্যই টিকল। কারণ, একই দিনে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিরুদ্ধে ৭০ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েন। কিন্তু গালারজা সেই রেকর্ড ভেঙে দেন।
গালারজার এই রেকর্ড বুকে তোলা গোলটি প্যারাগুয়ের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। 'লা আলবিরোজা' নামে পরিচিত দলটি তাদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হয়ে বেশ চাপের মধ্যে ছিল। কিন্তু এই দ্রুততম গোলটি তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন করে যেন আবার চাঙ্গা করে তুলল।
Matías Galarza Fonda ya tenía experiencia en golazos en #EliminatoriasSudamericanas 🇵🇾⚽️#CopaMundialFIFA pic.twitter.com/b9Z0Nlux86
— CONMEBOL.com (@CONMEBOL) June 20, 2026
গালারজার জন্ম ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি, আসুনসিওনে। ২০২২ সালে, প্যারাগুয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক হয়। এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে মোট ১৪টি ম্যাচ খেলে ২টি গোল করেছেন। ক্লাব ফুটবলে তাঁর ক্যারিয়ার শুরু হয় প্যারাগুয়ের বিখ্যাত ক্লাব অলিম্পিয়ার হয়ে। এরপর তিনি ব্রাজিলের ভাস্কো দা গামায় যোগ দেন। বর্তমানে তিনি আর্জেন্টিনার রিভার প্লেট থেকে লোনে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন।
গালারজার ২০২৬ সালের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়লেও, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের দ্রুততম গোলের রেকর্ডটি এখনও তুরস্কের হাকান সুকুরের দখলে রয়েছে। ২০০২ সালের ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি মাত্র ১০.৮ সেকেন্ডে গোল করেছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।