Mohun Bagan News: ছেঁটে ফেলা হল মোহনবাগান কোচকে। অবশ্য সেটা যে হতে চলেছে, আগেই তা বোঝা গেছিল (Mohun Bagan news)। এবার সামনে চলে এল সরকারি ঘোষণা। সোমবার সকালে, সরকারিভাবে মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হয়, কোচ সের্জিও লোবেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মোহনবাগান। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিল মোহনবাগান। দায়িত্বে এলেন পানাজিওটিস ডিলম্পেরিস (Mohun Bagan latest news)।
সবুজ মেরুনের পক্ষ থেকে সোমবার একটি পোস্টে লেখা হয়েছে, “ডাগআউট থেকে ড্রেসিং রুম, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, বস।" মোহনবাগান থেকে বিদায় নিলেন কোচ সের্জিও লোবেরা। এসেছিলেন ওড়িশা এফসি থেকে। তবে এরপর তাঁর গন্তব্য কোথায়? তা এখনও জানা যায়নি।
একটা সময় মরশুমের মাঝখানে এসে সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিয়েছিলেন । হাতে পেয়েছিলেন শক্তিশালী ব্রিগেডকে। শুরুটাও ভালোই হয়েছিল। তবে ধারাবাহিকতায় একটু অভাব চোখে পড়ে মাঝখানে। তবুও লোবেরার কোচিং-এ আইএসএল লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই শেষ করে মোহনবাগান। কিন্তু মরশুম শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, তাঁকে ছেঁটে ফেলা হতে পারে। পাশাপাশি দলেও কয়েকটি পরিবর্তন করা হতে পারে বলে খবর। বেশ কিছু নতুন ফুটবলারকে সই করানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
তবে কোচের বিষয়টি এবার সামনে এল। শেষপর্যন্ত, সের্জিও লোবেরাকে আর কোচ রাখা হচ্ছে না মোহনবাগানের।আর তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হল মোহনবাগানের তরফ থেকে। সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন পানাজিওটিস ডিলম্পেরিস। যিনি পাঞ্জাব এফসি-র কোচ ছিলেন। তাঁর হাতেই এবার মোহনবাগানের দায়িত্ব। গ্রিসের এই কোচের সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েই গেছিল। শুধু বাকি ছিল সরকারি ঘোষণার। সোমবার দুপুরে, মোহনবাগান বিবৃতি দিয়ে জানাল, হটসিটে বসছেন পানাজিওটিস ডিলম্পেরিস।
অন্যদিকে, মোহনবাগানের নতুন কোচ হিসেবে পানাজিওটিস ডিলম্পেরিস জানিয়েছেন, “আসলে মোহনবাগান শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ ও অনুরাগী সদস্য সমর্থকরা। যা ভারতের আর কোনও ক্লাবের নেই। আমি বিশ্বাস করি যে, একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হাতে পাচ্ছি। যেখানে অভিজ্ঞতা এবং দক্ষতার একটি চমৎকার ভারসাম্য রয়েছে। আর সাফল্য আসে সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার মাধ্যমে। তাই মোহনবাগানে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। সেইসঙ্গে, অবশ্যই ডার্বি জিততে মাঠে নামব। ট্রফি জয়ই একমাত্র লক্ষ্য।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।