
Mohun Bagan: কলকাতা লিগকে কেন্দ্র করে আগামী বুধবার থেকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান (mohun bagan news today)। নতুন মরশুমে সিনিয়র দলের সহকারী কোচ বাস্তব রায়কেই কলকাতা লিগের জন্য দায়িত্বে আনল টিম ম্যানেজমেন্ট। কোচ বাস্তব রায়ের তত্বাবধানে বুধবার থেকে শুরু হবে কলকাতা লিগের প্রস্তুতি। মোহনবাগান মাঠে বিকেল৪.৩০ মিনিট থেকে অনুশীলন শুরু হবে। অন্যদিকে, সহকারী কোচ হিসেবে থাকবেন নীলাঞ্জন গুহ। গোলকিপিং কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ অভ্র মণ্ডল (mohun bagan er khobor)।
প্রসঙ্গত, গত মরশুমের শেষদিকে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের দায়িত্বেও ছিলেন অভ্র। তবে বুধবার প্রস্তুতি শুরু হলেও ধাপে ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা। এবারের কলকাতা লিগে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের সঙ্গে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে একাধিক জুনিয়র ফুটবলারকেও। সেইসঙ্গে, অন্য দল থেকে আসা কয়েকজন সফল ফুটবলারও এবার খেলবেন মোহনবাগানের হয়ে।
এক্ষেত্রে বলে রাখা ভালো, দল গঠনের সময় জোর দেওয়া হয়েছে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের উপর। ঘরোয়া লিগের নিয়ম মেনে বঙ্গসন্তানদের ভারসাম্য তো থাকছেই। পাশাপাশি এমন কিছু নতুন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে, যারা পরবর্তী সময়ে সিনিয়র দলকেও সাহায্য করতে পারবেন। গতবার কলকাতা লিগে যে ফুটবলাররা মোহনবাগান জার্সিতে বেশ ভালো খেলেন, তাদের মধ্যে ১৬ জন তরুণ এবং প্রতিভাবান ফুটবলারকে এবারও খেলতে দেখা যাবে।
তাদের মধ্যে রয়েছেন প্রিয়াংশ দুবে, দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপা, করণ রাই, সাহিল ইনামদার এবং সুবল টুডুরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখেই অনুর্ধ্ব ১৬ দল থেকে নেওয়া হয়েছে রাজদীপ পালকে। উল্লেখ্য, রাজদীপ জুনিয়র বিভাগে ইতিমধ্যেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। সেইসঙ্গে, দলকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলার দীপেম্দু বিশ্বাস, সুহেইল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি এবং উমের মুথেরের মতো অভিজ্ঞ ফুটবলারদের।
অন্যদিকে, মোহনবাগানে সই করেছেন রাজ বাসফোর, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষ। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপে খেলার ব্যাপারেও ইতিমধ্যেই সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে মোহনবাগান। আগামী ১৫ জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হওয়ার কথা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।