
আর শুধু ব্যাটিং কোচ নয়, মুম্বাই ইন্ডিয়ান্স কাইরন পোলার্ডকে হেড কোচের দায়িত্ব দিল। খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ ও সফল সময় কাটানোর পর এখন কোচিংয়ের ভূমিকায় দলের সঙ্গে যুক্ত থাকা পোলার্ড ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন। খেলোয়াড় হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ ও সফল অধ্যায় কাটানোর পর এবার কোচ হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার নতুন চ্যালেঞ্জ তাঁর সামনে। পোলার্ডের নিয়োগকে স্বাগত জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। তিনি বলেছেন, “২২ বছর বয়সে তরুণ খেলোয়াড় হিসেবে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। গত ষোলো বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে তিনি আমাদের উপহার দিয়েছেন অনেক অবিস্মরণীয় মুহূর্ত। আর কোচ হিসেবেও তিনি প্রতিনিয়ত তাঁর অভিজ্ঞতা, আবেগ এবং খেলার গভীর বোধ আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধান কোচ হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। ‘পলি’ ভালোভাবেই জানেন, মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলার জন্য কী ধরনের নিবেদন প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, নতুন এই ভূমিকাতেও তিনি একই রকম প্রতিশ্রুতি, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবেন। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার পথে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
পোলার্ডের এই নিয়োগ মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘদিনের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনারই অংশ। প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তোলা, দলের সংস্কৃতিকে আরও শক্তিশালী করা এবং মাঠের ভিতরে ও বাইরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। মুম্বাই ইন্ডিয়ান্সের সোনালি অধ্যায়ের প্রত্যক্ষ অংশীদার পোলার্ড। খেলোয়াড় হিসেবে দলের সাফল্যের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং পরবর্তীকালে কোচিংয়ের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি। তাঁর নেতৃত্বে দলের পরবর্তী অধ্যায় কীভাবে এগিয়ে যায়, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ডও। তাঁর কথায়, এই দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়। মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবন ও ক্রিকেট কেরিয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। দল, খেলোয়াড় এবং সমর্থকগোষ্ঠী ‘পাল্টন’-এর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মূল্যবান। পোলার্ড জানিয়েছেন, খেলোয়াড় এবং পরবর্তীকালে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, মুম্বই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে। দলের নীল ও সোনালি জার্সি পরার সঙ্গে যে দায়িত্ব ও প্রত্যাশা জড়িয়ে রয়েছে, সে সম্পর্কেও তিনি যথেষ্ট সচেতন।
নতুন দায়িত্ব দেওয়ার জন্য নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং মুম্বই ইন্ডিয়ান্সের পুরো পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন পোলার্ড। পাশাপাশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। দলের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে সাহায্য করা এবং সমর্থকদের আনন্দ উদযাপনের আরও সুযোগ করে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পোলার্ড।