
Mumbai Indians: রোহিত শর্মা আগামী আইপিএল মরশুমের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বলে খবর। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট চাইছে পাঁচবারের আইপিএল জয়ী প্রাক্তন অধিনায়কের হাতেই ফের দলের দায়িত্ব তুলে দিতে (Mumbai Indians)। ২০২৪ সালের আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু হার্দিকের নেতৃত্বে ২০২৪ সালে, দল পয়েন্ট টেবিলের একেবারে শেষে শেষ করে। এরপর ২০২৫ সালে, দল প্লে-অফে উঠলেও, ২০২০ সালের পর থেকে মুম্বই আর ফাইনালে উঠতে পারেনি। রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়। পাশাপাশি ভক্তদের ক্ষোভও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে শোনা যাচ্ছিল, হার্দিক ক্যাপ্টেন্সি ছাড়লে সূর্যকুমার যাদব বা তিলক ভার্মা দায়িত্ব পেতে পারেন। সূর্যকুমারের নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আবার তিলক ভার্মাকে ভারতের টি-টোয়েন্টি দলের ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে। এতেই ইঙ্গিত মিলেছিল যে, মুম্বই হয়তো তিলককে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে তৈরি করছে। তবে ম্যানেজমেন্ট এখন ২০২৭ সালের কথা মাথায় রেখে রোহিতের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখতে চাইছে। রিপোর্ট বলছে, ২০২৭ সালের আইপিএল মরশুমের পর রোহিত যদি অবসর নেন, তবে তার আগে তাঁর অধীনেই তিলক বা সূর্যকুমারকে ক্যাপ্টেন্সির জন্য তৈরি করা হতে পারে।
রোহিতের ফেরার খবর সামনে আসতেই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনাও জোরালো হয়েছে। মনে করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স বা রাজস্থান রয়্যালসে ট্রেড হতে পারেন হার্দিক। রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেড হলে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নিতে পারে মুম্বই। রোহিতের পর ভবিষ্যতের জন্য একজন দুর্দান্ত ভারতীয় ওপেনার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত মুম্বইকে সাহায্য করবে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।