
আইপিএল ২০২৭-এর আগে ক্রিকেট দুনিয়ায় বড়সড় চমক! দলবদল করলেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিং। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন হার্দিক। অন্যদিকে, পঞ্জাব কিংসের জার্সি ছেড়ে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। দুই ফ্র্যাঞ্চাইজির এই বড়সড় অদলবদলে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে। আইপিএলের তরফে জানানো হয়েছে, ২০২৭ মরশুমের আগে এই ট্রেড সম্পন্ন হয়েছে। সোমবার দুই ফ্র্যাঞ্চাইজি প্রয়োজনীয় আগ্রহপত্র ও নথি জমা দেয় বিসিসিআইয়ের কাছে। বুধবার এই ট্রেডের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
হার্দিক পাণ্ডিয়া পঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন ১৮ কোটি টাকার চুক্তিতে। মুম্বইয়ে তাঁর আগের চুক্তির অঙ্ক ছিল ১৬.৩৫ কোটি টাকা। অর্থাৎ নতুন দলে তাঁর পারিশ্রমিক বাড়ছে। অন্যদিকে, অর্শদীপ সিং মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন ১৮ কোটি টাকার চুক্তিতেই। পঞ্জাব কিংসে থাকাকালীনও তাঁর পারিশ্রমিক ছিল ১৮ কোটি টাকা।
২০১৫ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হার্দিক। ২০২২ সালে গুজরাত টাইটান্সে চলে যান তিনি। সেখানে অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও ফাইনালে পৌঁছয় গুজরাত। এরপর ২০২৪ সালে ফের মুম্বইয়ে প্রত্যাবর্তন। রোহিত শর্মার পরিবর্তে তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু অধিনায়ক হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি হার্দিক। ২০২৪ ও ২০২৬ সালে লিগ টেবিলের নিচের দিকে শেষ করে মুম্বই। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি।
২০১৯ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অর্শদীপের। ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হয়ে ওঠেন তিনি। আইপিএলে পঞ্জাবের হয়ে ৯৬ ম্যাচে ১১১টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। নতুন মরশুমে মুম্বইয়ের বোলিং বিভাগে অর্শদীপের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বড় শক্তি হতে পারে। বিশেষ করে নতুন বলে উইকেট নেওয়া এবং ডেথ ওভারে বল করার দক্ষতা মুম্বইকে বাড়তি সুবিধা দিতে পারে।
আইপিএল ২০২৭-এর আগে এই ট্রেড দুই দলের ভারসাম্যে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। বিশেষ নজর থাকবে হার্দিকের ফিটনেস এবং মুম্বইয়ের বোলিং আক্রমণের উপর।