
FIFA World Cup 2026: পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স (Paraguay vs France)। এবার সেমি-ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ফরাসিদের প্রতিপক্ষ মরক্কো। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় ও উত্তেজক হতে চলেছে। প্যারাগুয়ের বিরুদ্ধে দাপট দেখালেও, ফ্রান্সের আক্রমণে ভেদশক্তির অভাব প্রকট হয়ে গিয়েছে। এমবাপে পেনাল্টি থেকে গোল করলেও, বারবার প্যারাগুয়ের ডিফেন্ডারদের বাধার সামনে আটকে যাচ্ছিলেন। মরক্কোকে হারাতে হলে ফ্রান্সের আক্রমণে গতি বাড়াতে হবে। একইসঙ্গে রক্ষণও সংগঠিত করতে হবে। না হলে জয় পাওয়া কঠিন হবে।
প্রথমার্ধে বারবার প্যারাগুয়ের রক্ষণে হানা দিচ্ছিলেন এমবাপেরা। কিন্তু তা সত্ত্বেও তাঁরা গোলমুখ খুলতে পারছিল না। প্যারাগুয়ের ডিফেন্ডাররা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। লাতিন আমেরিকার এই দল মূলত প্রতি-আক্রমণের উপর ভরসা করছিল। প্রথমার্ধে ফ্রান্সের বল পজেশনই বেশি ছিল। এই অর্ধে একবারও কর্নার-কিক পায়নি প্যারাগুয়ে। কিন্তু গোল না হওয়ায় দুই দলই সমান জায়গায় ছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ফ্রান্স। প্যারাগুয়ের রক্ষণের পক্ষে সেই আক্রমণের ঢেউ সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। এভাবেই খেলা চলতে থাকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে লেফট উইং থেকে বল নিয়ে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন ডেজায়ার ডুয়ে (Désiré Doué)। প্যারাগুয়ের তিনজন ডিফেন্ডার একসঙ্গে তাঁকে বাধা দেন। পিছন থেকে ট্যাকল করে ফেলে দেওয়া হয়। প্রথমে পেনাল্টি না দিলেও, পরে ভিএআর-এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে সহজেই গোল করেন এমবাপে।
চলতি বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) ও এমবাপে। কাবো ভার্দের (Cabo Verde) বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েছিলেন মেসি। প্যারাগুয়ের বিরুদ্ধে গোল করে তাঁকে ধরে ফেললেন এমবাপে। এই দুই তারকাই চলতি বিশ্বকাপে সাত গোল করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।