
Ranji Trophy Bengal: রঞ্জি ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে মাত্র ১৮৪ রানে অল আউট হয়ে গেল বাংলা। দিল্লির কঠিন উইকেটে সার্ভিসেসের বিরুদ্ধে মাত্র ৫৪ ওভারেই গুটিয়ে গেল অভিমন্যু ঈশ্বরণের দলের প্রথম ইনিংস (Bengal vs Services)। তবে দিনের শেষে ৮৩ রানের মধ্যে সার্ভিসেসের পাঁচ উইকেট তুলে নেওয়ায় কিছুটা স্বস্তি বাংলা শিবিরে। সার্ভিসেস এখনও ১০১ রানে পিছিয়ে, হাতে পাঁচ উইকেট। উইকেটের যা অবস্থা তাতে ৫০ রানের লিডও অনেক বড় হয়ে উঠতে পারে।
প্রথম দিনে ১৫ উইকেটের পতনই অনেকটাই পরিষ্কার হয়ে গেল ম্যাচের ফয়সালা হচ্ছে। এদিন বাংলাকে লড়াই রাখল অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত হাফ সেঞ্চুরি, ও দলের স্পিনাররা।
এদিন যে বাংলা এত কম রানে অল আউট হবে, তা দিনের শুরুতে বোঝা যায়নি। একটা সময় বাংলার স্কোর ছিল ১ উইকেটে ৭৭ রান। হাফ সেঞ্চুরি করে ক্রিজে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন অধিনায়ক অভিমন্যু। তিনে নেমে ভালই খেলছিলেন সুদীপ ঘরামি। কিন্তু ব্যক্তিগত ৩৮ রানে সুদীপের আউটের পর থেকেই বাংলার ইনিংসে ধস শুরু হয়। বাংলার শেষ ৬টি উইকেট পড়ে ৮৮ রানের মধ্যে। পরপর আউট হন সুদীপ চ্যাটার্জি (৩), অভিষেক পোড়েল (৭), শাহবাজ আহমেদ (০)। একেবারে শেষের দিকে দশ নম্বরে নামা সুরজ জয়সওয়াল ২২ রানের অপরাজিত ইনিংস না খেললে বাংলার লজ্জা আরও বাড়ত। অভিমন্যু ইশ্বরণ (৫৬) ছাড়া বলার মত রান কেউ পাননি। সাত নম্বরে নেমে লড়াই করেন সুমন্ত গুপ্ত (২৮)।
সার্ভিসেসের স্পিনার পুলকিত নারাং ৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। অর্জুন শর্মা ও রাহুল সিং যথাক্রমে ৩টি ও ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কখনই স্বস্তিতে দেখা যায়নি সার্ভিসেসের ব্যাটারদের। ৫৩ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় সার্ভিসেস। দিনের শেষে অপরাজিত আছেন অধিনায়ক রজত পালিওয়াল (২৩) ও দেবেন্দ্র লোচাব (৩)। বাংলার দুই স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ও আমির গণি দুটি করে উইকেট নেন। শাহবাজ আহমেদ একটি উইকেট নেন।
প্রথম ম্যাচে দিল্লিকে হারায় বাংলা
প্রসঙ্গত, চলতি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দিল্লিকে ৯ উইকেটে হারায় বাংলা। বাংলার গ্রুপে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরল, সার্ভিসেস, দিল্লি ও ওডিশা। বাংলার পরবর্তী ম্যাচ কর্ণাটকের বিরুদ্ধে।