Rishabh Pant: প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড ঋষভ পন্থের

Published : Aug 18, 2026, 02:45 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

Rishabh Pant: ব্যাট হাতে বড় নজির ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ক্রিকেট মাঠে নতুন ইতিহাস লেখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পন্থ। তবে অদ্ভূত এক ক্রিকেটীয় সমাপতনের সাক্ষী হয়ে রইল ১৮ আগস্ট তারিখটি। ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন পন্থ।

Rishabh Pant: ব্যাট হাতে বড় নজির ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ক্রিকেট মাঠে নতুন ইতিহাস লেখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পন্থ। তবে অদ্ভূত এক ক্রিকেটীয় সমাপতনের সাক্ষী হয়ে রইল ১৮ আগস্ট তারিখটি। ২০১৮ সালের ১৮ আগস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল তাঁর। সেদিন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে খাতা খুলেছিলেন এক ২০ বছরের তরুণ। ঠিক আট বছর পর, আজ, ১৮ আগস্ট, মঙ্গলবার শ্রীলঙ্কার গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই একই তারিখে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন ভারতীয় উইকেটেরক্ষক-ব্যাটার। বিশ্ব ক্রিকেটের চতুর্থ এবং প্রথম এশীয় ও ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১০০টি ছক্কার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন পন্থ।

হুক শটে পন্থের নজির গড়া ছক্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ফাইন লেগের উপর দিয়ে ট্রেডমার্ক হুক শটে ছক্কা হাঁকিয়েই পন্থ পৌঁছে যান তাঁর ১০০তম টেস্ট ছক্কায়। একই শটে টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতকটিও পূর্ণ করেন তিনি। নটিংহ্যামের সেই ছক্কায় খাতা খোলার পর থেকে গলে শততম ছক্কা, ৮ বছরের ব্যবধানে একই ক্যালেন্ডার তারিখে এমন বৃত্তপূরণ আন্তর্জাতিক ক্রিকেটে এক বিরল ঘটনা।

দেখুন ভিডিও

রেকর্ডের বন্যায় চূর্ণ গিলক্রিস্ট-স্টোকসের নজির

কেবল ১০০টি ছক্কা মারাই নয়, টেস্টের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলকে পৌঁছানোর বিশ্বরেকর্ড এখন পন্থের দখলেই। পন্থের আগে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম এবং অ্যাডাম গিলক্রিস্ট ১০০টি ছক্কার ক্লাবে পৌঁছালেও পন্থ তাঁদের সবাইকে পেছনে ফেলেছেন। ম্যাচের নিরিখে এত দিন দ্রুততম ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (৮২ টেস্ট)। সেখানে মাত্র ৫১টি টেস্ট খেলে ১০০ ছক্কায় পৌঁছে নতুন বিশ্বরেকর্ড গড়লেন পন্থ। ইনিংসের বিচারেও মাত্র ৮৯টি ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। তবে সবথেকে চমকপ্রদ তথ্য হলো মুখোমুখি হওয়া বলের বিচারে পন্থের এই তাণ্ডব। অ্যাডাম গিলক্রিস্ট ৬,৫৭৮ বল খেলে ১০০ ছক্কায় পৌঁছে রেকর্ড গড়েছিলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তির দীর্ঘদিনের সেই রেকর্ড ভেঙে মাত্র ৪,৯১৮ বল খেলেই ১০০টি ছক্কার মালিক হলেন ভারতের এই আগ্রাসী বাঁহাতি। গড়ে টেস্টে প্রতি ৪৯ বল পরপর একটি করে ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

ভারতের লাল বলের আসল 'হিটম্যান'

টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় বীরেন্দ্র সেওয়াগ ও রোহিত শর্মাকে টপকে শীর্ষে উঠে এসেছেন পন্থ। শেহওয়াগ ও রোহিত উভয়েরই টেস্টে ৯১টি করে ছক্কা রয়েছে। পন্থ কেবল ভারতের সেরা উইকেটেরক্ষক-ব্যাটার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, লাল বলের ফরম্যাটে ভারতের অন্যতম ধ্বংসাত্মক ম্যাচ উইনার হিসেবেও নিজের স্থান পাকা করে নিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে টেস্ট শুরু করার আগে পন্থের ছক্কার সংখ্যা ছিল ৯৭। প্রথম ইনিংসে একটি ছক্কা মেরে ক্রিস গেইলের (৯৮ ছক্কা) রেকর্ড স্পর্শ করেন এবং দ্বিতীয় ইনিংসে বাকি ২টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সামাজিক মাধ্যমে পন্থের এই অনন্য নজিরের ভূয়সী প্রশংসা করেছে। মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের এই বিরল রেকর্ড পকেটে পুরে পন্থ আবারও প্রমাণ করলেন, যখনই তিনি ক্রিজে থাকেন, লাল বলের ক্রিকেটও রঙিন হয়ে ওঠে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ayush Shetty: বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিলেন, ব্যাডমিন্টন বিশ্বকাপে চমক আয়ূষ শেট্টির
Australia vs Bangladesh: বাংলাদেশের কাছে হার, দ্বিতীয় টেস্টে দলে বদল অস্ট্রেলিয়ার