
Italian Football Federation: ইতালির জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জেন্নারো গাত্তুসোর (Gennaro Gattuso) পরিবর্ত হিসেবে দায়িত্ব নিলেন রবার্তো মানচিনি (Roberto Mancini)। তিনি দ্বিতীয়বার এই দায়িত্ব নিলেন। এর আগে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মানচিনি। তাঁর কোচিংয়েই ২০২০ সালের ইউরো কাপ (UEFA EURO 2020) চ্যাম্পিয়ন হয় ইতালি। মানচিনির কোচিংয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ে ইতালি। এই কোচ দায়িত্ব থেকে সরে যাওয়ার পরেই ইতালির ফুটবলে পতন শুরু হয়। পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি। দল এবারের বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় সরে যান গাত্তুসো। তাঁর পরিবর্ত হিসেবেই মানচিনিকে ফেরানো হল।
গাত্তুসোর পরিবর্ত হিসেবে প্রাক্তন ফুটবলার আন্দ্রে পিরলোকে (Andrea Pirlo) দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি (Paolo Maldini) এবং পরামর্শদাতা ব্রাজিলের (Brazil) প্রাক্তন ফুটবলার লিওনার্দো (Leonardo) পিরলোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করার উদ্যোগ নেন। কিন্তু ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভানি মালাগো (Giovanni Malago) বেঁকে বসেন। পিরলো জানান, তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় দলের নতুন কোচ হিসেবে তাঁর নাম বিবেচনা করা হচ্ছে না। এরপরেই পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দো। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দিতে মানচিনিকে ঢাল করছেন মালাগো।
ইতালির জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলেও অসাধারণ সাফল্য পেয়েছেন মানচিনি। তাঁর কোচিংয়ে ২০১২ সালে প্রিমিয়ার লিগ (Premier League 2011-2012) জেতে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City FC)। ইন্টার মিলানকে (Inter Milan) তিনবার সিরি আ (Serie A) খেতাব জিতিয়েছেন মানচিনি। এবার তিনি ইতালির জাতীয় দলের হাল ফেরানোর দায়িত্ব নিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।