Rohit Sharma: পাঁচবারের অধিনায়ক রোহিত শর্মাকেই নেতৃত্বে ফেরাল মুম্বই ইন্ডিয়ন্স, আধ ডজনের লক্ষ্যে হিটম্যান

Published : Nov 27, 2026, 06:32 PM IST
Rohit Sharma Likely to Return as MI Captain

সংক্ষিপ্ত

Rohit Sharma Captain MI: জল্পনার অবসান! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএল মরসুমে দলের নেতৃত্ব দেবেন 'হিটম্যান'। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্ট এই ঘোষণা করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।

Rohit Sharma: সব জল্পনার অবসান! আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএল মরসুমে দলের নেতৃত্ব দেবেন 'হিটম্যান'। ৪০ বছর বয়সে মুম্বইকে আগামী আইপিএলে নেতৃত্ব দেবেন রোহিত। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ঘোষণা করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি। ফলে দীর্ঘদিনের পরিচিত অধিনায়ককে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মুম্বই সমর্থকেরা। রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ২০২৪ আইপিএলে নেতৃত্বে এনেছিলেন আম্বানিরা। কিন্তু গত তিনটি মরসুমে একেবারে খারাপ পারফরম্যান্সের পর হার্দিককে সরিয়ে রোহিতকে অধিনায়ক করল মুম্বই।

পাঁচবারের আইপিএল জয়ী রোহিতেই ভরসা রাখলেন আম্বানিরা

মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে রোহিত শর্মার অবদান আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁর নেতৃত্বেই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দল। ২০১৩ সালে প্রথম বার মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পান রোহিত। আর সেই মরসুমেই দলকে প্রথম আইপিএল খেতাব এনে দেন তিনি। তার পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালেও তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মুম্বই। অল্প সময়ের মধ্যেই আইপিএলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

রোহিতকে অধিনায়ক ঘোষণা

হার্দিককে অধিনায়ক হিসেবে এনে কোনও লাভ হয়নি

কিন্তু ২০২৪ সালের আইপিএলের আগে ছবিটা বদলে যায়। গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে এনে তাঁর হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় মুম্বই কর্তৃপক্ষ। অধিনায়কত্ব হারানোর সিদ্ধান্ত ঘিরে সেই সময় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। মাঠে দর্শকদের একাংশের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়েছিল হার্দিককে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্স এবং নেতৃত্ব,দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি।

মুম্বইয়ে এসেছেন তারকা পেসার আর্শদীপ সিং

২০২৪ থেকে ২০২৬ আইপিএলে পরপর তিন মরসুমে দলকে ঘিরে প্রত্যাশা থাকলেও ট্রফির খরা কাটেনি। প্লে-অফের লড়াইয়ে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তার উপর ২০২৭ সালের মরসুমের আগে হার্দিককে পাঞ্জাব কিংসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে। বিনিময়ে মুম্বই শিবিরে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং।

রোহিতের নেতৃত্বে ফেরা নিয়েই জল্পনা ছিল

হার্দিকের বিদায়ের পর কে হবেন মুম্বইয়ের নতুন অধিনায়ক, তা নিয়ে ক্রিকেট মহলে নানা আলোচনা চলছিল। অনেকেই মনে করছিলেন, দলের অভিজ্ঞ ক্রিকেটার রোহিতকেই ফের দায়িত্ব দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হল। পুরনো সেনাপতির হাতেই আবার দলের নেতৃত্ব তুলে দিল মুম্বই ম্যানেজমেন্ট।

রোহিতের প্রত্যাবর্তন শুধু অধিনায়ক পরিবর্তনের ঘটনা নয়, মুম্বইয়ের পুরনো সাফল্যের দিনগুলিতে ফিরে যাওয়ার চেষ্টাও বটে। দলের সমর্থকদের কাছে তিনি শুধু একজন ক্রিকেটার নন, পাঁচটি আইপিএল খেতাব জয়ের অন্যতম প্রধান মুখ। তাঁর অভিজ্ঞতা, ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং বড় ম্যাচে চাপ সামলানোর দক্ষতা আগামী মরসুমে মুম্বইকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে।

তবে পথটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। আইপিএলের প্রতিটি দলই এখন শক্তিশালী। নতুন মরসুমে অর্শদীপের মতো বোলারকে দলে পাওয়ার পাশাপাশি ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য তৈরি করাও মুম্বইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে রোহিতকে অধিনায়কত্বের পাশাপাশি নিজের ব্যাটিংয়েও ধারাবাহিকতা দেখাতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ইতিহাসে রোহিতের প্রত্যাবর্তন তাই নিঃসন্দেহে বড় খবর। সচিন তেন্ডুলকর, হরভজন সিং এবং হার্দিক পান্ডিয়া-র পর আবারও সেই পরিচিত নাম। ২০২৭ সালে কি ষষ্ঠ আইপিএল ট্রফি ঘরে তুলবে মুম্বই? উত্তর দেবে সময়। তবে একটা বিষয় পরিষ্কার, ঘরের ছেলেকে ফিরিয়ে এনে নতুন করে স্বপ্ন দেখছে নীল-সোনালি শিবির।

এক নজরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ইতিহাস

২০০৮-২০১১: সচিন তেন্ডুলকর

২০১২: হরভজন সিং

২০১৩-২০২৩: রোহিত শর্মা

২০২৪-২০২৬: হার্দিক পান্ডিয়া

২০২৭: রোহিত শর্মা

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'বৈভবের ব্যাটিং দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে,' জানালেন গাভাসকর
Jasprit Bumrah: রান-আপে বদল, ক্রাইস্টচার্চে নজর কেড়ে নিলেন জসপ্রীত বুমরা