
Vaibhav Sooryavanshi-Sunil Gavaskar: ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মুগ্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর। সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে (ACC Men's Asia Cup Rising Stars 2026) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বৈভব। এই কিশোরের নির্ভীক ব্যাটিং, অবিশ্বাস্য ছক্কা মারার ক্ষমতা এবং ক্রমশঃ বাড়তে থাকা শটের বৈচিত্র্যে রীতিমতো মুগ্ধ গাভাসকর। তিনি সোনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'সীমিত ওভারের ক্রিকেটে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যখন নতুন বলের বোলারদের বিরুদ্ধে ছক্কা মারত, তখন আমি মুগ্ধ হয়ে দেখতাম। বীরেন্দ্র সেহওয়াগকেও (Virender Sehwag) ওইভাবে খেলতে দেখে আমার খুব ভালো লাগত। কারণ, ওই ধরনের শট খেলার সাহস আমার ছিল না। হয়তো দক্ষতা ছিল, কিন্তু সাহস ছিল না। কারণ, ওই ধরনের শট খেলতে গিয়ে আউট হলে দলের সতীর্থরা কী ভাববে, সেই চিন্তা সবসময় মাথায় কাজ করত।'
বর্তমান প্রজন্মের ভারতীয় ব্যাটারদের আগ্রাসী মানসিকতা দারুণ উপভোগ করছেন গাভাসকর। তিনি বলেছেন, 'সেহওয়াগ, বৈভব, অভিষেক শর্মা (Abhishek Sharma) বা সঞ্জু স্যামসন (Sanju Samson) যখন ব্যাটিং শুরু করে, তখন আমার নিজের মধ্যেও যেন একটা বাচ্চা ছেলে জেগে ওঠে। আমি তখন একজন সমর্থক। প্রথমত আমি একজন ক্রিকেটপ্রেমী। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে এই ধরনের ব্যাটিং দেখতে আমার দারুণ লাগে। কোনও ভারতীয় ক্রিকেটার এমন খেললে আনন্দটা আরও বেশি হয়।'
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করে শুধু লিস্ট এ ক্রিকেটে শুধু দ্রুততম দ্বিশতরানের রেকর্ডই গড়েননি বৈভব, তিনি এই ইনিংসের মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে কোনও ওয়ান ডে ইনিংসে সর্বাধিক ২৮টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ডও গড়েছেন। এই কিশোরের উদ্দেশ্যে গাভাসকর বলেছেন, ‘ওর পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বৈভবকে শুধু বৈভব হিসেবেই দেখা, বৈভব সূর্যবংশী হিসেবে নয়। পরিবার যখন ওকে বৈভব সূর্যবংশী হিসেবে দেখতে শুরু করবে, তখনই ওর জন্য আলাদা একটা পরিচয় তৈরি হয়ে যাবে। পরিবারের অন্য সদস্যদের মতো ওকেও স্বাভাবিকভাবে দেখতে হবে। সচিনের ক্ষেত্রেও সেটাই হয়েছিল।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।