Saransh Jain: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টেস্ট দলে! শ্রীলঙ্কা সিরিজে প্রথম বার সুযোগ পাওয়া কে এই সারাংশ জৈন?

Published : Jul 28, 2026, 12:51 PM IST
Saransh Jain

সংক্ষিপ্ত

Saransh Jain: দীর্ঘ সাধনা, ঘরোয়া ক্রিকেটে সাফল্য এবং অবিচল ধৈর্যের শেষ পর্যন্ত মিলল স্বীকৃতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের জাতীয় দলে প্রথম বার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের অভিজ্ঞ অফস্পিনার- অলরাউন্ডার সারাংশ জৈন।

Saransh Jain: দীর্ঘ দিনের সাধনা, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য এবং অবিচল ধৈর্যের শেষ পর্যন্ত মিলল স্বীকৃতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের জাতীয় দলে প্রথম বার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের অভিজ্ঞ অফস্পিনার- অলরাউন্ডার সারাংশ জৈন। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য আজ, মঙ্গলবার দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে যাওয়া বহু ক্রিকেটারের কাছেই নতুন আশার বার্তা। চোটের কারণে এই সিরিজে ওয়াশিংটন সুন্দরকে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে একই ধরনের দক্ষতা সম্পন্ন ক্রিকেটার খুঁজতেই সারাংশের উপর ভরসা রেখেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ব্যাট ও বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতাই তাঁকে এগিয়ে দিয়েছে।

এক দশকেরও বেশি সময়ের পরিশ্রম

ইন্দোরের ছেলে সারাংশের ক্রিকেট-যাত্রা শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটের মঞ্চে। ২০১৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। তারপর ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। মধ্যপ্রদেশ, 'সেন্ট্রাল জোন' এবং 'রেস্ট অব ইন্ডিয়া'-র হয়ে লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এখনও পর্যন্ত ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৮টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২,২২৩ রান। ব্যাটিং গড় ৩১.৭৫। ঝুলিতে রয়েছে দুটি শতরান এবং ১৪টি অর্ধশতরান। সংখ্যাগুলোই বলে দেয়, তিনি কেবল স্পিনার নন, প্রয়োজনে দলের নির্ভরযোগ্য ব্যাটারও।

বাবার অপূর্ণ স্বপ্ন, ছেলের পূরণ

ক্রিকেটের সঙ্গে সারাংশের সম্পর্ক পারিবারিক। তাঁর বাবা সুবোধ জৈনও মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। তবে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়নি। সেই অপূর্ণতাই যেন পূরণ করলেন ছেলে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে সারাংশের ক্রিকেটে আসে বড় পরিবর্তন। ধীরে ধীরে তিনি দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডারে পরিণত হন। ২০২২ সালে মধ্যপ্রদেশের ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ে তাঁর অবদান ছিল স্মরণীয়। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

'ইন্ডিয়া এ'-এর হয়ে নজরকাড়া পারফরম্যান্স

জাতীয় দলের দরজা খুলে দেওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে 'ইন্ডিয়া এ'-এর হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের। শ্রীলঙ্কা 'এ'-র বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে অপরাজিত ৭০ রান করার পাশাপাশি ছয়টি উইকেট তুলে নিয়ে নির্বাচকদের নজর কেড়ে নেন সারাংশ। উপমহাদেশের উইকেটে ব্যাট ও বল, দুই বিভাগেই কার্যকর হওয়ার ক্ষমতা এই সিরিজেই স্পষ্ট হয়ে ওঠে।

আইপিএলে উপেক্ষিত, টেস্টে নতুন সূচনা

লাল বলের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য সত্ত্বেও আইপিএলে সুযোগ পাননি সারাংশ। ২০২৪, ২০২৫ এবং ২০২৬, টানা তিন মরসুম নিলামে নাম থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়নি। সেই হতাশার অধ্যায় আপাতত অতীত। এ বার সামনে ভারতের টেস্ট জার্সি গায়ে চাপানোর সুযোগ। আগামী ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনি প্রথম একাদশে জায়গা পান কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games 2026: ২০ বছরের খরা কাটালেন, কমনওয়েলথ গেমসে নতুন নজির শর্মিলার
Match-fixing Case: শ্রীলঙ্কায় ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন না ২ ভারতীয়