
Match-fixing: লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premier League) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার গ্রেফতার হওয়া দুই ভারতীয়কে জামিনে মুক্তি দিতে অস্বীকার করল শ্রীলঙ্কার (Sri Lanka) এক আদালত। গ্রেফতার হওয়া দুই ভারতীয়র মধ্যে আছেন লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের (Jaffna Kings) অন্যতম কর্ণধার মনজ্যোৎ কালরা (Manjot Kalra)। এছাড়া যুবরাজ পুষ্পাও (Yuvraj Pushpa) গ্রেফতার হয়েছেন। তাঁদের ১৭ জুলাই গ্রেফতার করা হয়। এরপর তাঁদের ৩১ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তাঁরা নির্ধারিত সময়ের আগেই জামিনের আবেদন জানান। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসাঙ্গা এস বোদারাগামার আদালতে এই আবেদনের শুনানি হয় (Colombo Chief Magistrate Asanga S. Bodaragama)। তবে জামিন পাওয়া গেল না।
আদালতে অভিযুক্ত মনজ্যোৎ ও যুবরাজের আইনজীবী কে ডব্লিউ এস ফার্নান্ডো দাবি করেন, দুই অভিযুক্তই অসুস্থ। তাই তাঁদের জামিন দেওয়া উচিত। তবে সরকার পক্ষের আইনজীবী দাবি করেন, শ্রীলঙ্কা পুলিশের খেলাধুলা-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিটের তদন্ত এখনও চলছে। এই কারণে অভিযুক্তদের জামিন দেওয়া উচিত নয়। উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন খারিজ করে দেন এবং আগের মতোই অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজত বহাল রাখেন।
এই ম্যাচ গড়াপেটার অভিযোগ দায়ের করেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa), আবিষ্কা ফার্নান্ডো (Avishka Fernando) ও দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage)। আদালতকে আরও জানানো হয়েছে, এ অভিযোগে আরও দুই স্থানীয় ক্রিকেটারও যুক্ত হয়েছেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত লঙ্কা প্রিমিয়ার লিগে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই লিগ ১৭ জুলাই শুরু হয়েছে এবং ৮ আগস্ট পর্যন্ত চলবে। এই লিগের শুরুতেই ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কঠোর ব্যবস্থা নিচ্ছে শ্রীলঙ্কা সরকার। আইসিসি-ও (ICC) এই ঘটনার দিকে নজর রাখছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।