
Shreyas Iyer Captain Team India: সাম্প্রতিক অতীতে তিনি আইপিএলের সফলতম অধিনায়য়ক। গত মরসুমেই পরপর দুবার অধিনায়ক হিসাবে দুটো আলাদা দলের হয়ে আইপিএলের ফাইনালে খেলার নজিরও গড়েছেন। নেতৃত্ব দিয়ে দীর্ঘ ১১ বছর পর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন। ধারাবাহিকতার বিচারে আইপিএলের ইতিহাসে সেরাদের তালিকায় থাকেন। ওয়ানডে-তেও মিডল অর্ডারে দলের সবচেয়ে ভরসার পাত্র। কিন্তু এরপরেও দেশের টি-২০ দলে সুযোগ পান না শ্রেয়স আইয়ার। কমাস আগেই দেশের মাটিতে হওয়া টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার সুযোগ পাননি শ্রেয়স। ধারাবাহিকভাবে ভাল খেলার পরেও কেন দেশের টি-২০ দল থেকে ব্রাত্য রাখা হয় শ্রেয়সকে তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তবে এবার আর ব্রাত্য নয়। জুনের শেষে আয়ারল্য়ান্ডে হতে চলা টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ার-কে।
আইপিএলের পর হতে চলা আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হবে অধিনায়ক সূর্যকুমার যাদব-কে। ওয়ার্কলোড বা একটানা খেলার কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়া, শুভমন গিলদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমারের অনুপস্থিতিতে ভারতীয় টি-২০ দলকে আয়ারল্য়ান্ডকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ার-কে। ২০২৪ আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরের বছর কলকাতা ছেড়ে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলেন শ্রেয়স। চলতি আইপিএলেও তাঁর দারুণ বেশ ভাল খেলছে পঞ্জাব। সব ঠিক থাকলে নেতা শ্রেয়সকে এবার দেশকে নেতৃত্ব দিতে দেখা যাবে। প্রসঙ্গত, আগমী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডে দুটি টি-২০ ম্য়াচে খেলবে টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে দেশের জার্সিতে নামতে চলেছেন বিহারের বৈভব। ১৯৮৯ সালে পাকিস্তান সফরে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছে শেফালি ভার্মার (Shafali Verma)। তিনি ১৫ বছর সাত মাস ২৭ দিন বয়সে প্রথমবার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেন। এবার সচিনের রেকর্ড ভেঙে দিতে চলেছেন বৈভব। বৈভবের পাশাপাশি চলতি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করা বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটারদের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।