
Shreyas Iyer:ভারতীয় ক্রিকেটে ঘটতে চলেছে বড় বদল! আগামী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের আগে অধিনায়কত্ব হারাতে পারেন বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদব। বিসিসিআই সূত্রে খবর, নির্বাচকরা ইতিমধ্যেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন এবং সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমারের নেতৃত্বে চলতি বছর টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতলেও, তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি নন জাতীয় নির্বাচকরা। অন্যদিকে, আইপিএলে চলতি মরসুম সহ গত কয়েকটিতে শ্রেয়স আইয়ার যেভাবে তাঁর ফ্র্য়াঞ্চাইজি দলগুলিকে নেতৃত্ব দিচ্ছেন তা দেখে উচ্ছ্বসিত নির্বাচকরা। তাই আর দেরি না করে নেতৃত্বের ব্যাটন বদল করতে চান অজিত আগরকর-রা।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সূর্যকুমারের। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতে ভারত। তবে বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন সূর্য। বিশেষত আইপিএল ২০২৬-এ তাঁর পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মুখকে সামনে আনার ভাবনা শুরু হয়েছে বলে খবর। শ্রেয়সের দলে বৈভব সূর্যবংশীর মত তরুণ প্রতিভাকে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।
অন্যদিকে, চলতি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে দুরন্ত নেতৃত্ব ও ধারাবাহিক ব্যাটিংয়ে নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার। অতীতে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস, একাধিক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নেতৃত্ব দিয়ে নাইট রাইডার্সকে দীর্ঘ ১২ বছর পর কাপ এনে দিয়েছিলেন শ্রেয়স। তার পরের মরসুমে তিনি ১২ বছর পর পঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তোলেন। এবারও শ্রেয়সের নেতৃত্ব মুগ্ধ করছে সবাইকে। ঠান্ডা মাথার নেতৃত্ব এবং ম্যাচ পরিস্থিতি সামলানোর দক্ষতার জন্য নির্বাচকদের আস্থাও বাড়ছে তাঁর উপর।
জানা যাচ্ছে, আইপিএল শেষ হওয়ার পর আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার সময়ই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। ইংল্যান্ড সফরেও নতুন নেতৃত্বের অধীনে দল নামানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। যদিও এখনও পর্যন্ত BCCI-য়ের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ভবিষ্যতের কথা ভেবেই টি-টোয়েন্টি দলে নতুন নেতৃত্ব গড়ে তুলতে চাইছেন নির্বাচকরা। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিকেও নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, সীমিত ওভারের ক্রিকেটে বড়সড় প্লেয়ার পুল তৈরির ভাবনাও রয়েছে বোর্ডের। আলাদা ওয়ানডে ও টি-টোয়েন্টি সেটআপ তৈরি করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চাইছে বিসিসিআই। সেই কারণেই নেতৃত্বে বদলের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে সূর্যকুমারের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তিনি শুধুই ব্যাটার হিসেবে দলে থাকবেন, নাকি বিশ্রাম বা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে, শ্রেয়স আইয়ারকে শুধু অধিনায়ক হিসেবেই নয়, টি-টোয়েন্টি দলে চার নম্বর ব্যাটার হিসেবেও ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই সম্ভাব্য বদল নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। একাংশ সমর্থক সূর্যকুমারের বিশ্বকাপজয়ী নেতৃত্বের পাশে দাঁড়ালেও, অনেকেই মনে করছেন এবার টি-২০ জাতীয় দলে অধিনায়ক হিসেবে শ্রেয়সই হতে পারেন সঠিক পছন্দ। এখন সব নজর আইপিএল-পরবর্তী দল ঘোষণার দিকেই।