
Commonwealth Games 2026: এবারের কমনওয়েলথ গেমসের শুরুতেই জোড়া ধাক্কা খেল ভারতের জুডো দল। পুরুষদের ৭৩ কেজি বিভাগে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency) পরিচালিত প্রতিযোগিতার বাইরের এক ডোপ পরীক্ষায় তাঁর শরীরে অ্যানাবলিক স্টেরয়েড-এর উপস্থিতি ধরা পড়ায় দল থেকে বাদ দেওয়া হয় অরুণ কুমারকে (Arun Kumar)। এবার সাসপেন্ড হলেন তুলিকা মান (Tulika Maan)। ১২ মাসের মধ্যে তিনবার 'হোয়্যারঅ্যাবাউটস' (Whereabouts) সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে নাডা। এর ফলে চলতি কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তুলিকা। এই জুডোকাকে দুই বছরের জন্য নির্বাসিত করতে পারে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (World Anti-Doping Agency)।
অরুণের পর তুলিকাও এবারের কমনওয়েলথ গেমস থেকে সরে যাওয়ায় জুডোয় ভারতের পদক জয়ের আশা বড় ধাক্কা খেল। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (2022 Birmingham Commonwealth Games) মহিলাদের ৭৮ কেজি বিভাগে রুপো পান তুলিকা। গ্লাসগো গেমসেও তিনি পদক জয়ের জন্য ভারতের বড় আশা ছিলেন। কিন্তু সাসপেন্ড হওয়ার কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় জুডো দলের এক সদস্য জানিয়েছেন, নাডা ১২ মাসে তিনবার 'হোয়্যারঅ্যাবাউটস' সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে নোটিস পাঠানোর পরই তুলিকাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুডো কোচ সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'ও ১২ মাসের মধ্যে তিনবার 'হোয়্যারঅ্যাবাউটস' সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং নাডা ওকে নোটিস পাঠিয়েছে। তাই দল থেকে ওর নাম প্রত্যাহার করা হচ্ছে।'
ভারতীয় জুডো দল এখনও গ্লাসগোর উদ্দেশে রওনা হয়নি। জুডো ইভেন্ট শুরু হবে ৩১ জুলাই। ভারতীয় দলের সোমবার গ্লাসগোয় পৌঁছনোর কথা। তবে এই দুই জুডোকার সাসপেন্ড হওয়ার ঘটনা প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ভারতের প্রস্তুতিতে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।