
Jurgen Klopp: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ব্যর্থতার পরেই জাতীয় দলের প্রধান কোচ বদল করল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (Deutscher Fußball-Bund)। লিভারপুলের (Liverpool FC) প্রাক্তন প্রধান কোচ জুরগেন ক্লপকে (Jurgen Klopp) জার্মানির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল। ৫৯ বছর বয়সি এই জার্মান কোচের সঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2030) পর্যন্ত চুক্তি হয়েছে। এবারের বিশ্বকাপ ফুটবলে জার্মানির প্রধান কোচ হিসেবে ছিলেন জুলিয়েন নাগেলসম্যান (Julian Nagelsmann)। তাঁর কোচিংয়ে বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি জার্মানি। এই কারণেই নাগেলসম্যানকে সরিয়ে দেওয়া হল। তাঁর সঙ্গে আর নতুন করে চুক্তি করা হল না। গত কয়েক বছরে ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সফল কোচ ক্লপ। এবার তাঁর উপর জার্মানির জাতীয় দলকে নতুন করে সাফল্যের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।
২০২৪ সালে লিভারপুল থেকে বিদায় নেওয়ার সময় ক্লান্তির কারণে কোচিং থেকে বিরতি নিয়েছিলেন ক্লপ। তারপর গত দেড় বছর রেড বুলের গ্লোবাল সকার প্রধান হিসেবে কাজ করার পর তিনি এবার তরতাজা হয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে তৈরি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ক্লপ বলেছেন, 'জাতীয় দল আমাদের জার্মানদের এমনভাবে একত্রিত করে, যা খুব কম জিনিসই পারে। এ কারণেই এই দায়িত্বটি আমার কাছে এতটা বিশেষ।' জার্মানির নতুন প্রধান কোচ আরও জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী পেপ লিন্ডার্স এবং পিটার ক্রাভিয়েটজ কোচিং স্টাফের সদস্য হিসেবে থাকবেন। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) প্রাক্তন মিডফিল্ডার স্বেন বেন্ডারও (Sven Bender) কোচিং স্টাফ হিসেবে থাকবেন। অন্যদিকে, আর্সেনালের (Arsenal FC) প্রাক্তন ডিফেন্ডার পার মার্তাস্যাকার ((Per Mertesacker) আগামী জানুয়ারি থেকে জার্মানির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে পারেন।
পরপর তিনবার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারেনি জার্মানি। ক্লপের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হবে এবারের বিশ্বকাপ ব্যর্থতার পর দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। প্যারাগুয়ের (Paraguay) কাছে হেরে জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নেয়। জার্মানির প্রধান কোচ হিসেবে ক্লপের প্রথম দায়িত্ব হবে উয়েফা নেশনস লিগে (UEFA Nations League)। সেপ্টেম্বরের শেষ দিকে এবং অক্টোবরের শুরুতে চারটি ম্যাচে জার্মানির প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস (Netherlands), গ্রিস (Greece) ও সার্বিয়া (Serbia)। এরপর ক্লপের তত্ত্বাবধানে জার্মানি ইউরো ২০২৮-এর (UEFA EURO 2028) বাছাইপর্বের প্রস্তুতি নেবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।