USA vs Paraguay: নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করল মার্কিন যুক্তরাষ্ট্র (usa vs paraguay)। কার্যত, বড় জয় এবং অনেকটাই একপেশে ম্যাচ। শনিবার, ভারতীয় সময় ভোরবেলায় আমেরিকার লস এঞ্জেলেস স্টেডিয়ামে চলতি ফুটবল বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে (fifa world cup 2026)। সেই ম্যাচেই ৪-১ গোলে জয় হাসিল করল আমেরিকা।
জয় দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু!
শুরু থেকেই এই ম্যাচে চাপ বজায় রাখে আমেরিকা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ঝড় তুলতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি, বল পজিশনের দিক দিয়েও তারা অনেকটাই এগিয়ে ছিল। ম্যাচের প্রথম গোলটি আসে ৭ মিনিটেই।
যদিও এটি আত্মঘাতী গোল। দামিয়ান বোবাদিলার সেম সাইড গোলে এগিয়ে যায় আমেরিকা। আর সেই গোল পেতেই জয়ের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পাল্টা আক্রমণ তুলে আনার চেষ্টা করে প্যারাগুয়েও। তবে গোলের দরজা খোলেনি। বরং, মাঝমাঠ থেকে খেলা তৈরি করে একাধিক আক্রমণ তুলে আনতে শুরু করে আমেরিকা। তাছাড়া উইংও ব্যবহার করছিল তারা।
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল আমেরিকা
অন্যদিকে, ডিফেন্সও ছিল বেশ জমাট। এরপর খেলার ৩১ মিনিটে, ফোলানিন বালোগুনের গোলে ব্যবধান আরও বাড়ায় আমেরিকা। তবে সেখানেই শেষ নয়, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল। এক্ষেত্রেও সেই ফোলানিন বালোগুনের শট এবং গোল। সেই সময়, ৩-০ গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচে জোড়া গোলের নায়ক হলেন ফোলানিন। তবে এরপর আর কোনও গোল হয়নি।
First time so nice, he had to do it twice ✌️#FIFAWorldCup pic.twitter.com/8bXFmNzPpU
— FIFA World Cup (@FIFAWorldCup) June 13, 2026
প্রথমার্ধ শেষ হয় ৩-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ আমেরিকার হাতেই ছিল। তবে পাল্টা একটা উদ্যম দেখা যাচ্ছিল প্যারাগুয়ে ফুটবলারদের মধ্যেও। সেই সূত্রেই তারা একটি গোলও পেয়ে যায়। খেলার ৭৩ মিনিটে, মরসিওর জোরালো শটে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয় তারা।
শেষদিকে দুই দলই বেশ পরিবর্তন আনে। নির্ধারিত সময় শেষ হওয়ার একটু আগে আমেরিকার একটি দূরপাল্লার শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায়। অন্যদিকে, এই ম্যাচে ৭ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। আর তখনই আসে আরেকটি গোল। সেকেন্ড বার বরাবর গিওভান্নি রেইনার ডানপায়ের কোনাকুনি শট প্যারাগুয়ে গোলকিপারকে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। আবারও গোল পায় আমেরিকা। তারপরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি।
শেষপর্যন্ত, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ৫৩% বল পজিশন রেখে এই জয়। তবে প্যারাগুয়ের ফুটবলাররা এই ম্যাচে মোট ৫টি হলুদ কার্ড দেখেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।