
Vinesh Phogat: এশিয়ান গেমসে খেলার স্বপ্নভঙ্গ হল তারকা কুস্তিগীর বিনেশ ফোগাতের। শনিবার ট্রায়ালে দুটি ম্যাচ জেতে সেমিফাইনালে ওঠার পরেও, বিনেশ শেষ পর্যন্ত পারলেন না। ট্রায়ালে ৫৩ কেজি বিভাগের সেমিফাইনালে মীনাক্ষির বিরুদ্ধে ৪-৬ হেরে ছিটকে গেলেন হরিয়ানার এই তারকা কুস্তিগীর। নীতু দাহিয়াকে ৭-৬ হারিয়ে সেমিফাইনালে ওঠেন তিনবারের অলিম্পিয়ান। কিন্তু শেষরক্ষা হল না। হারের পর ম্যাট ছাড়ার পর চোখে জল নিয়ে ভিনেশ চেঁচিয়ে বললেন, আমি আবার ফিরে আসবো ('Mai Waapis Aungi')। সুপ্রিম কোর্ট তাঁকে সবুজ সংকেত দেওয়ার পর শনিবার এশিয়ান গেমসের ট্রায়ালে নেমেছিলেন তিনবারের অলিম্পিয়ান বিনেশ। দীর্ঘ ১৮ মাস পর কুস্তিতে ফেরেন বিনেশ।
ট্রায়ালে হারায় এশিয়ান গেমসের বাছাইপর্বে সেমিফাইনালে হারের পর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় কুস্তিগীর বিনেশ। তিনি অভিযোগ করেছেন, ট্রায়ালে পক্ষপাতিত্ব ও প্রতারণা করা হয়েছে। তবে এই ধাক্কায় ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি। বিনেশ বলেন, "আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাঁদের অনুমতি না পেলে আমি আজ ম্যাটে নামার সুযোগই পেতাম না। অন্যথায় কোনওভাবেই আমাকে খেলতে দেওয়া হতো না।" তিনি আরও বলেন, "প্রথম দিন থেকেই আমি বলে এসেছি, কে ভালো আর কে ভালো নয়, তার সিদ্ধান্ত ম্যাটেই হওয়া উচিত। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পক্ষপাতদুষ্ট ছিল।"
নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিনেশ বলেন, "আমি এমনভাবে নিজেকে তৈরি করতে চাই, যাতে যারা প্রতারণা করছে তারাও আমার পিছনে পড়ে থাকে। আমি এতটাই উন্নতি করতে চাই, যাতে তাদের সমস্ত চেষ্টার পরও তারা আমাকে হারাতে না পারে।"হতাশা ঝেড়ে ফেলে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতীয় এই তারকা কুস্তিগীর জানান, তিনি আরও কঠোর পরিশ্রম করবেন এবং আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যাবেন।