
Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৫ কোটি টাকা নিয়েছেন, সামাজিক মাধ্যমে এমন এক বিতর্কিত দাবি উঠতেই তার কড়া জবাব দিল টিম কোহলি। তারকা ক্রিকেটারের মুখপাত্র বা কোহলির টিমের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ধরনের সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বাস্তব সত্যের থেকে অনেকটা দূরে। সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে কোহলির যাওয়া নিয়ে এক বিস্ফোরক অভিযোগ আনেন শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দিনেশ শর্মা, যিনি সাধারণ মানুষের কাছে 'ফলাহারী মহারাজ' নামেই পরিচিত।
সমাজমাধ্যম ও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা দাবি অনুযায়ী, দিনেশ শর্মা অভিযোগ করেন যে বিরাটকে মহারাজের আশ্রমে নিয়ে আসতে নাকি খরচ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। তবে এই অভিযোগের সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। কোনো চুক্তিপত্র, ব্যাঙ্ক ট্রান্সফারের নথি বা অন্য কোনো তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত জনসমক্ষে আসেনি, যা দিয়ে প্রমাণ করা যায় যে আশ্রমে যাওয়ার বিনিময়ে বিরাট কোনো অর্থ গ্রহণ করেছিলেন।
এই প্রসঙ্গে বিরাট কোহলি মুখপাত্র এক প্রেস বিবৃতিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে জানান, ফলাহারী মহারাজ দিনেশ শর্মা যে অভিযোগ তুলেছেন, তা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে জানাতে চাই,বিরাট কোহলিকে নিয়ে দিনেশ শর্মার করা সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং বিভ্রান্তিকর।"কোহলি আরও নিশ্চিত করেন যে, কোহলির আশ্রমে যাওয়া কোনো ব্যবসায়িক বা স্পনসরশিপের অংশ নয়। তিনি শুধুমাত্র আত্মিক শান্তি ও প্রেমানন্দ মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই বারবার সেখানে ছুটে যান। বিবৃতিতে বলা হয়, "বিরাট কোহলি মহারাজজির প্রতি তাঁর অকৃত্রিম ভক্তি ও গভীর শ্রদ্ধাবোধ থেকেই বৃন্দাবনের আশ্রমে যান। এর পিছনে অন্য কোনো স্বার্থ বা অর্থনৈতিক লেনদেনের বিষয় নেই।"
দেখুন ছবিতে
কোহলি-অনুষ্কাকে প্রেমানন্দ মহারাজের দরবারে বেশ কয়েকবার দেখা গিয়েছে
উল্লেখ্য, বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেতা অনুষ্কা শর্মা গত কয়েক বছরে বেশ কয়েক বার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে হাজির হয়েছেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম বার এই তারকা দম্পতিকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যায়। এর পর থেকে একাধিক বার কাজ ও ব্যস্ততার ফাঁকে সময় বের করে মহারাজজির আশীর্বাদ নিতে বৃন্দাবনে গিয়েছেন তাঁরা, যার ছবি ও ভিডিও বহুবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই, বিরাট কোহলি মতো আন্তর্জাতিক স্তরের এক ব্যক্তিত্বের নাম জড়িয়ে এমন অভিযোগ ওঠার পর ভক্তমহলে বেশ আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু কোহলির টিমের তরফ থেকে আসা এই কড়া জবাবে সমস্ত জল্পনায় ইতি টানল।