World Cup Broadcast in India: ভারতের ফুটবলপ্রেমী জনতার জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে জট কাটছে (world cup football 2026 broadcast rights india)। উল্লেখ্য, এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। এই তিন দেশ যৌথভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে। ফলে, ম্যাচ টাইমিং এবং ভারতীয় সময়, দুটো সঠিকভাবে খাপ খাচ্ছে না। অর্থাৎ, একাধিক ম্যাচ এমন সময় শুরু হচ্ছে যে, সেই সময় ভিউয়ারশিপ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তাই জায়ান্ট ব্রডকাস্টার সংস্থাগুলি অনেকেই বিজ্ঞাপনের অভাবে বিশ্বকাপ সম্প্রচার থেকে পিছিয়ে আসতে শুরু করে। কিন্তু এটা তো বিশ্বকাপ, আবেগ এবং উত্তেজনা থাকে আলাদা পর্যায়ে। সেই ইমোশনকে উপলব্ধি করেই এবার আসরে নামল জি এন্টারটেইনমেন্ট (world cup football 2026 tv rights)।
জ়ি এন্টারটেইনমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ব্রডকাস্টিং রাইটস নিয়ে ফিফার সঙ্গে কথাবার্তা শুরু করেছে তারা। সেইসঙ্গে, নতুন চারটি স্পোর্টস চ্যানেলও লঞ্চ করতে চলেছে সংস্থাটি। প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।
Unite8 Sports নামক চারটি নতুন খেলার চ্যানেল আনতে চলেছে জ়ি। অর্থাৎ, এবার খেলাধুলোয় ফের বিনিয়োগ করতে চলেছে জি এন্টারটেইনমেন্ট। অনেক বছর আগে তাদের একটি খেলার চ্যানেল ছিল, নাম জি স্পোর্টস। তবে সেইসব অতীত। ফের একবার নতুন করে তাদের স্পোর্টস ব্রডকাস্টিং অপারেশনসকে ঢেলে সাজাতে চাইছে তারা। দুটি চ্যানেলে হবে হিন্দি কমেন্ট্রি এবং দুটি ইংরেজি।
তবে শুধু ফুটবল নয়। ক্রিকেট, বক্সিং, কাবাডি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং কুস্তি, সবকিছুই সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই চ্যানেল লঞ্চের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং লাইসেন্সের আবেদনও করে দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে।
জ়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্রমশই খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। তাই এই সিদ্ধান্ত এবং বিনিয়োগ করতে চাইছে সংস্থা।
প্রথমদিকে ব্রডকাস্টিং রাইটস সংক্রান্ত ফিফার যা আস্কিং প্রাইস ছিল, তার থেকে পরে অনেকটাই কমানো হয়েছে। ফলে, এবার জি আসরে নামায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন দেশের ফুটবলপ্রেমী জনতা। বিশ্বের অন্যতম সেরা এই মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১১ জুন থেকে, চলবে ১৯ জুলাই পর্যন্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।