
IPL 2026 Qualifier 1: ধর্মশালায় (Dharamsala) আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে গুজরাট টাইটানসকে (Royal Challengers Bengaluru vs Gujarat Titans) সহজেই ৯২ রানে হারিয়ে ফের আইপিএল ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল আরসিবি। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৫৪ রান করেন বিরাট কোহলিরা (Virat Kohli)। টি-২০ ফর্ম্যাটে ২৫৫ রানের টার্গেট বিশাল। তার উপর নক-আউট ম্যাচের চাপ। এই চাপ সামাল দিতে পারলেন না গুজরাটের ব্যাটাররা। তাঁরা ১৯.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে গেলেন। আরসিবি-র ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন। এর ফলেই খেতাব ধরে রাখার একেবারে কাছে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। রবিবার ফাইনালে জয় পেলেই খেতাব ধরে রাখতে পারবে আরসিবি।
আরসিবি-র ওপেনার বিরাট ২৫ বলে ৪৩ রান করেন। অপর ওপেনার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সাত বলে ১৯ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নামা দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ১৯ বলে ৩০ রান করেন। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) বিস্ফোরক ইনিংস খেলেন। নক-আউটে দলের প্রয়োজনের সময় তিনি অধিনায়কোচিত ইনিংস খেললেন। ৩৩ বলে পাঁচটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ২৮ বলে ৪৩ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে গুজরাটের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৬৮ রান করেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। তাঁর ৪৩ বলের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। জস বাটলার (Jos Buttler) ১১ বলে ২৯ রান করেন। ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) নয় বলে ১৪ রান করেন।
আরসিবি-র বোলারদের মধ্যে জ্যাকব ডাফি (Jacob Duffy) ৩৯ রান দিয়ে তিন উইকেট নেন। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। রাসিক সালাম দার (Rasikh Salam Dar) ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেয়েছেন ক্রুণাল। তিনি ১৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ৩৯ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।