
Caller Name: দিনে ১০টা অচেনা নম্বর থেকে ফোন? কোনটা স্প্যাম, কোনটা জরুরি বুঝতে পারছেন না? Truecaller-এর ভরসায় থাকতে হত এতদিন। এবার সেই ঝামেলা শেষ হতে চলেছে। কেন্দ্রীয় টেলিকম দফতর (DoT) বড় ঘোষণা করল - ১ নভেম্বর ২০২৬ থেকে দেশের সব মোবাইল অপারেটরকে চালু করতে হবে Calling Name Presentation বা CNAP পরিষেবা। অর্থাৎ, আপনার ফোনে সেভ করা নেই এমন নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম।
DoT-র ১৩ অক্টোবরের সার্কুলার অনুযায়ী, এই পরিষেবা ডিফল্ট ভাবে চালু থাকবে, আপনাকে কিছু করতে হবে না।
- *নম্বর সেভ থাকলে:* আপনার ফোনে যে নামে সেভ করা আছে, সেটাই দেখাবে।
- *সেভ না থাকলে:* যে কোম্পানির সিম থেকে কল আসছে (যেমন Jio, Airtel, Vi, BSNL), তাদের KYC ডেটাবেসে যে নামে সিমটি রেজিস্টার করা, সেই নামটি আপনার স্ক্রিনে দেখাবে। যেমন - “Rahul Sharma”।
- *বিদেশি কল হলে:* নাম দেখাবে না, শুধু লেখা থাকবে “International Call”।
- *ব্যবসায়িক নম্বর:* কোম্পানিগুলো চাইলে তাদের ট্রেডমার্ক বা GST-তে রেজিস্টার করা নাম (যেমন “HDFC Bank”) দেখাতে পারবে, তবে তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে।
এই নাম দেখানোর প্রক্রিয়াটি হবে রিয়েল-টাইমে, এবং কল শেষ হলেই নামের তথ্য ডিলিট করে দিতে হবে - এমনই “security-by-design” নিয়ম রেখেছে DoT।
আপাতত এই নিয়ম শুধুমাত্র 4G ও 5G ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য প্রযোজ্য হবে, যেখানে ইতিমধ্যেই ট্রায়াল হয়েছে। 2G, 3G এবং ল্যান্ডলাইন ফোনে এই পরিষেবা পরে চালু করার বিষয়টি আলাদা করে ভাবা হবে।
*প্রাইভেসি থাকবে তো?*
অনেকের মনে প্রশ্ন, আমার নাম সবাই দেখে ফেলবে? DoT জানিয়েছে, যারা CLIR (Calling Line Identification Restriction) পরিষেবা চালু করে রেখেছেন, তাদের নাম দেখানো হবে না। এছাড়া প্রতিটি অপারেটরকে সময়-বেঁধে অভিযোগ শোনার ব্যবস্থা রাখতে হবে, যদি কারও নাম ভুল দেখায়।
TRAI ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম এই CNAP-এর সুপারিশ করেছিল স্প্যাম ও প্রতারণামূলক কল রুখতে। অবশেষে ১ নভেম্বর থেকে তা বাধ্যতামূলক হচ্ছে। এর ফলে Truecaller-এর মতো থার্ড-পার্টি অ্যাপের উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।