
iPhone 18 Pro: আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের বিক্রির প্রস্তুতি জোরদার করেছে অ্যাপল (iPhone 18 Pro)। সংস্থার প্রধান লক্ষ্য হল, প্রথম দিন থেকেই ভারতে তৈরি প্রো মডেলগুলিকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া। আগামী ১৮ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে বিক্রি শুরুর আগেই ভারতের কারখানাগুলো থেকে নতুন আইফোন রফতানি করা হয়েছে বলে খবর। এবারই প্রথম আইফোনের লেটেস্ট প্রো মডেল লঞ্চের দিনেই ভারতে তৈরি হচ্ছে।
দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে বেশ কয়েকটি চার্টার্ড বিমান চেন্নাই থেকে রওনা দিয়েছে। আমেরিকা-সহ বিভিন্ন দেশের অ্যাপল স্টোরগুলোতে বিক্রি শুরুর সময় যাতে পর্যাপ্ত ফোন মজুত থাকে, সেই জন্যই এই পদক্ষেপ। আগামী দিনে আরও চার্টার্ড বিমান উড়তে পারে বলে রিপোর্টে বলা হয়েছে।
ফক্সকন এবং টাটা ইলেকট্রনিক্সের দুটি কারখানায় আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেল তৈরি হচ্ছে। বিশ্ববাজারের চাহিদার কথা মাথায় রেখে প্রোডাকশন লাইনের সংখ্যা বাড়িয়ে ১২টি করার পরিকল্পনা করছে অ্যাপল। আইফোন ১৮ প্রো সিরিজের মোট উৎপাদনের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই অন্য দেশে রফতানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে বিক্রি হওয়া মোট আইফোনের মধ্যে প্রো এবং প্রো ম্যাক্স মডেলের অংশীদারিত্ব প্রায় ১৫ শতাংশ।
প্রথম দিনেই ভারতে তৈরি হয়ে বিশ্ববাজারে রফতানি হওয়া আইফোন মডেলগুলোর মধ্যে এটি দ্বিতীয়। গত বছর বিক্রি শুরুর দিন থেকেই ভারতে তৈরি হয়ে বিশ্বজুড়ে রফতানি হওয়া প্রথম আইফোনটি ছিল আইফোন ১৭। তবে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন 'আইফোন ডুয়ো' ভারতে তৈরি হচ্ছে না বলেই জানা গেছে।
স্মার্টফোন রফতানির ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে আমেরিকা। বিশেষ করে আইফোন রফতানিই এর প্রধান কারণ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট প্রাচীর সিংয়ের মতে, অ্যাপল ভারতে আইফোন তৈরি শুরু করার ফলেই এই পরিবর্তন এসেছে। তিনি ইন্ডিয়া টুডে টেক-কে জানিয়েছেন, আমেরিকায় স্মার্টফোন আমদানির ক্ষেত্রে চিনকে টপকে গেছে ভারত। ফক্সকন এবং টাটার কারখানায় অ্যাপলের উৎপাদন স্থানান্তরই এর মূল কারণ।
কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে বিশ্বজুড়ে রফতানি হওয়া আইফোনগুলোর প্রায় ২৬ শতাংশই ভারতে তৈরি হবে। অর্থাৎ, বিশ্ববাজারে রফতানি হওয়া প্রতি চারটি আইফোনের মধ্যে একটি ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতে নিজেদের কাজ অনেকটাই বাড়াচ্ছে অ্যাপল। চূড়ান্ত অ্যাসেম্বলিং, টেস্টিং, ফোনের বডি তৈরি, নির্দিষ্ট মেকানিক্যাল পার্টস, ব্যাটারি প্যাক, চার্জার, কেবল, প্যাকেজিং এবং কিছু সাব-কম্পোনেন্ট তৈরির কাজ এখন ভারতেই হচ্ছে। তবে দামি বা প্রযুক্তিগতভাবে জটিল অনেক যন্ত্রাংশ এখনও আমদানি করতে হয়। তার মধ্যে রয়েছে ডিসপ্লে, ক্যামেরা মডিউল, উন্নত সেমিকন্ডাক্টর, মেমরি এবং প্রধান ইলেকট্রনিক সাব-কম্পোনেন্ট। ভারতে আইফোন তৈরি বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অ্যাপলের সাপ্লাই চেইনে ভারতের ভূমিকা আরও জোরালো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।