Smartphone Sales: ২০২৬ সালের উৎসবের মরশুমে ভারতে স্মার্টফোন বিক্রি ২২ শতাংশ কমেছে। ফোনের দাম বৃদ্ধি এবং কম অফারের কারণে ক্রেতারা মুখ ফিরিয়েছেন। এই মন্দার মধ্যেও ভিভোকে টপকে বাজার দখলে সবার উপরে রইল স্যামসাং।

Smartphone Sales: উৎসবের অফার থাকা সত্ত্বেও স্মার্টফোন কিনতে চাইছেন না ক্রেতারা। ফোনের দাম বেড়ে যাওয়া আর ক্রেতাদের আগ্রহ কম থাকায়, ২০২৬ সালের উৎসবের মরশুমে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় প্রায় ২২% হ্রাস পেয়েছে। ৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, সময়ের হিসেব এটি। উৎসবের আগে ১২ শতাংশ বিক্রি কমার পূর্বাভাস ছিল। কিন্তু বাস্তবে বিক্রি কমেছে আরও বেশি (Smartphone Sales)। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে প্রত্যাশার চেয়েও বেশি মন্দা দেখা দিয়েছে, এটাই তার প্রমাণ। ফোন বিক্রির সংখ্যা কমলেও প্রতিটি ফোনের গড় বিক্রি মূল্য আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। ফলে বাজারের মোট আয় গত বছরের মতোই রয়েছে। অর্থাৎ বেশি ফোন বিক্রির বদলে দামি ফোন বিক্রি হওয়াতেই বাজার টিকে আছে। ফোনের যন্ত্রাংশের দাম বাড়ায় ফোন তৈরির খরচও বেড়েছে অনেকটা। এতে কোম্পানিগুলোর বড়সড় ছাড় দেওয়ার সুযোগও কমে গেছে।

অফারেও কাজ হলো না, উৎসবের মরশুমে স্মার্টফোন বিক্রি কমল ২২%, দাম বাড়ল ২৮%?

২০২৫ সালের উৎসবের সময় যেখানে ৩৫ থেকে ৪০ শতাংশ ছাড় মিলত। এবার তা কমে গিয়ে ১০-২৫% তে গিয়ে দাঁড়িয়েছে। অফার দেওয়ার পরেও, কম দামের ফোন কিনতে গত বছরের তুলনায় বেশি টাকা খরচ করতে হয়েছে। দাম নিয়ে সচেতন অনেক ক্রেতার পক্ষেই পুরনো ফোন বদলে নতুন ফোন কেনা কঠিন হয়ে পড়েছে। উৎসবের মরশুমের শুরু থেকেই বিক্রিবাটায় মন্দা ছিল। ৮ থেকে ১৮ অক্টোবরের প্রথম পর্বে আগের বছরের চেয়ে ফোন বিক্রি ১৯ শতাংশ কমে যায়। ফোন দেখতে বা অফার জানতে বেশি মানুষ দোকানে এলেও, সেই অনুযায়ী বিক্রি হয়নি। আরও ভালো অফারের আশায় ক্রেতারা অপেক্ষা করায় দোকানে বিক্রি ধীর গতিতেই শুরু হয়। নবরাত্রির সময় দোকানে ভিড় বাড়লেও, কেনার ক্ষেত্রে তেমন কোনো উন্নতি দেখা যায়নি।

ভিভোকে পিছনে ফেলে শীর্ষে স্যামসাং

উৎসবের মরশুমে ২১ শতাংশ বাজার দখল করে এক নম্বরে উঠে এসেছে স্যামসাং। তারা ভিভোকে পিছনে ফেলে দিয়েছে। যখন সামগ্রিক বাজারে ২২ শতাংশ পতন হয়েছে, তখন স্যামসাংয়ের বিক্রি কমেছে মাত্র ৮ শতাংশ। গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৫-এর মতো প্রিমিয়াম ফোনের ব্যাপক চাহিদাই স্যামসাংকে বড় পতনের হাত থেকে বাঁচিয়েছে। উৎসবের বিক্রি শেষ না হওয়া পর্যন্ত দাম না বাড়ানো এবং অন্যান্য কোম্পানির তুলনায় স্টক ভালো ভাবে সামলানো স্যামসাংকে সাহায্য করেছে। অন্যদিকে ভিভোর বিক্রি ২১ শতাংশ এবং অপ্পোর বিক্রি ২৪ শতাংশ কমেছে। নতুন আইফোন ১৮ প্রো সিরিজের ভালো চাহিদা এবং আইফোন ১৭ নিয়ে আগ্রহ থাকা সত্ত্বেও অ্যাপলের বিক্রিও দুই অঙ্কের শতাংশে কমেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।