
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী। পড়াশোনা, অফিসের কাজ, লেখালিখি, তথ্য বিশ্লেষণ থেকে শুরু করে কঠিন সমস্যার সমাধান সব ক্ষেত্রেই AI-এর উপর নির্ভরতা বাড়ছে। কয়েক সেকেন্ডের মধ্যে যে কাজ করতে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন তা করে দিচ্ছে ChatGPT, Claude কিংবা Gemini-র মতো AI চ্যাটবট। কিন্তু এই সুবিধার আড়ালেই কি লুকিয়ে রয়েছে বড় বিপদ? AI-এর উপর অতিরিক্ত নির্ভরতা কি ধীরে ধীরে মানুষের নিজের চিন্তাভাবনা ও বুদ্ধি ব্যবহারের ক্ষমতা কমিয়ে দিচ্ছে?
সম্প্রতি Singularity Hub-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিজ্ঞান লেখক শেলি ফ্যান। আন্তর্জাতিক মনোবিদদের একটি গবেষণার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, AI ব্যবহারের প্রভাব একেবারে একপাক্ষিক নয়। এটি যেমন শেখার গতি বাড়াতে পারে, তেমনই অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব দক্ষতা দুর্বল করে দিতে পারে।
গবেষণায় উঠে এসেছে, AI-কে দিয়ে সমস্ত চিন্তাভাবনা করিয়ে নেওয়ার অভ্যাস মানুষের শেখার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। MIT-এর একটি গবেষণায় 'Cognitive Debt' বা মানসিক ঋণের ধারণা সামনে এসেছে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করে প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। একটি দল ChatGPT ব্যবহার করেছে, দ্বিতীয় দল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়েছে এবং তৃতীয় দল কোনও প্রযুক্তির সাহায্য ছাড়াই নিজেরা লিখেছে।
গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, ChatGPT ব্যবহারকারী দলের মস্তিষ্কের কার্যকলাপে তুলনামূলকভাবে কম সংযোগের ইঙ্গিত মিলেছে। পাশাপাশি, AI-এর সাহায্যে লেখা প্রবন্ধের বিষয়বস্তু মনে রাখা এবং নিজের ভাবনার সঙ্গে তার সম্পর্ক অনুভব করার ক্ষেত্রেও সমস্যা দেখা গিয়েছে। পরবর্তীতে AI ছাড়া লিখতে বলা হলে তাঁদের কাজের মানও তুলনামূলকভাবে দুর্বল ছিল। অর্থাৎ, তাৎক্ষণিকভাবে কাজ সহজ হলেও দীর্ঘমেয়াদে নিজের দক্ষতা তৈরির সুযোগ কমে যেতে পারে।
শুধু লেখালিখি নয়, পড়াশোনার ক্ষেত্রেও AI-এর অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। একটি গবেষণায় দেখা গিয়েছে, নতুন গণিতের বিষয় শেখার সময় AI-এর সাহায্য পাওয়া পড়ুয়ারা অনুশীলনের প্রশ্ন ভালভাবে সমাধান করতে পেরেছিল। কিন্তু পরে AI ছাড়া পরীক্ষা দিতে গিয়ে তাদের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় খারাপ হয়। গবেষকদের মতে, নিজে চেষ্টা করে শেখার পরিবর্তে AI-এর কাছ থেকে সরাসরি উত্তর পেয়ে গেলে প্রয়োজনীয় অনুশীলন ও চিন্তাভাবনার সুযোগ কমে যায়।
এমনকী চিকিৎসাক্ষেত্রেও AI-নির্ভরতার প্রভাব নিয়ে গবেষণা হয়েছে। ১,৪০০-এর বেশি রোগীর কোলনোস্কোপি পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, AI-এর সাহায্যে অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত করার কাজে অভ্যস্ত চিকিৎসকদের ক্ষেত্রে পরবর্তী সময়ে AI ছাড়া কাজ করার সময় শনাক্তকরণের হার ২৮.৪ শতাংশ থেকে কমে ২২.৪ শতাংশ হয়েছিল।
গবেষকরা কিন্তু এমনটা মনে করছেন না। বরং তাঁদের বক্তব্য, AI কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি AI-কে নিজের চিন্তাভাবনার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, তাহলে নির্দিষ্ট কিছু দক্ষতা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু AI-কে শিক্ষক, সহযোগী কিংবা পরামর্শদাতা হিসেবে ব্যবহার করলে শেখার প্রক্রিয়া আরও উন্নত হতে পারে।
উদাহরণ হিসেবে, AI-এর কাছে সরাসরি কোনও সমস্যার উত্তর না চেয়ে তার সমাধানের সূত্র বা ইঙ্গিত চাওয়া যেতে পারে। এতে নিজের চিন্তাশক্তি ব্যবহার করার সুযোগ থাকে। একইভাবে, কোনও লেখা তৈরি করার আগে নিজে বিষয়টি নিয়ে গবেষণা করে পরে AI-এর সাহায্যে নিজের যুক্তি ও ভাবনাকে আরও উন্নত করা সম্ভব।
এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি। গবেষকদের মতে, মনোযোগ, যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা এবং ওয়ার্কিং মেমোরির মতো মস্তিষ্কের মৌলিক দক্ষতাগুলি প্রযুক্তির প্রভাবের মুখেও যথেষ্ট স্থিতিশীল রয়েছে। তবে দীর্ঘদিন ধরে AI ব্যবহারের ফলে মানুষের চিন্তাভাবনার ধরনে কী পরিবর্তন আসবে, বিশেষ করে ছোটদের মস্তিষ্কের বিকাশে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। সব মিলিয়ে AI মানুষের শত্রু নয়, আবার সব সমস্যার সমাধানও নয়। প্রযুক্তির সাহায্য নিতে গিয়ে নিজের মস্তিষ্ককে চিন্তা করা থেকে বিরত রাখলেই তৈরি হতে পারে আসল সমস্যা।