
iPhone 18 Pro Max: Apple-এর পরবর্তী ফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতের জন্য একটা বড় খবর হতে চলেছে। শোনা যাচ্ছে, এবার লঞ্চের প্রথম দিন থেকেই আমেরিকা বা ইউরোপের ক্রেতারা 'মেড ইন ইন্ডিয়া' আইফোন হাতে পেতে পারেন। এমনটা হলে সেটা Apple-এর জন্য একটা বিরাট পদক্ষেপ হবে। কারণ, গত কয়েক বছর ধরেই ভারতে আইফোন তৈরি বাড়িয়েছে সংস্থাটি।
Apple ধীরে ধীরে ভারতে তাদের ফোন তৈরির পরিধি অনেকটাই বাড়িয়ে নিয়েছে। টাটা ইলেকট্রনিক্স তাদের অন্যতম প্রধান পার্টনার হয়ে উঠেছে। এই মুহূর্তে ভারতে আইফোনের বেশ কয়েকটি মডেল তৈরি হয়। তার ফলে, চিনের উপর নির্ভরতা কমিয়ে ভারতকেও একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলছে টেক জায়ান্ট সংস্থা Apple। iPhone 18 Pro তৈরির ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমেরিকার ক্রেতারা অন্য দেশে তৈরি ফোনের পাশাপাশি ভারতের কারখানায় অ্যাসেম্বল করা ফোনও পেয়ে যাবেন। এর জন্য আগের মতো আর অপেক্ষা করতে হবে না।
বিশ্বজুড়ে নিজেদের ফোন তৈরির কেন্দ্রগুলোকে বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাইছে Apple। সেই কারণেই ভারতের দিকে ঝুঁকছে সংস্থাটি। ভারত শুধুমাত্র একটা বড় বাজারই নয়, প্রিমিয়াম স্মার্টফোন তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এই সিদ্ধান্তের ফলে, বিভিন্ন অঞ্চলে ফোনের জোগান আরও ভালোভাবে সামলাতে পারবে Apple। ভারতে আইফোন তৈরির পরিমাণ বাড়লে বিশ্বজুড়ে চাহিদা মেটাতে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এখনও পর্যন্ত যা খবর, iPhone 18 Pro Max সম্ভবত ২০২৬ সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। যদিও Apple সরকারিভাবে কিছুই জানায়নি। শোনা যাচ্ছে, Pro মডেলগুলোর সঙ্গেই iPhone 18 Pro এবং সম্ভবত Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনও লঞ্চ হতে পারে।
সূত্রের খবর, এই ফ্ল্যাগশিপ ফোনে Apple-এর A20 Pro চিপসেট থাকতে পারে। ক্যামেরাতেও বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে, যেমন ভ্যারিয়েবল-অ্যাপারচার প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকবে আরও বড় ব্যাটারি এবং অন্যান্য হার্ডওয়্যার পরিবর্তন। তবে Apple আনুষ্ঠানিক ঘোষণা না করা পর্যন্ত এগুলো সবই জল্পনা। কিন্তু আমেরিকার Apple ফ্যানদের জন্য সবচেয়ে বড় খবর হয়তো ফোনের ফিচার নয়। বরং, ফোনটি কোথায় তৈরি হচ্ছে, সেটাই। সূত্রের খবর সত্যি হলে, লঞ্চের দিন থেকেই মার্কিন ক্রেতাদের হাতে 'মেড ইন ইন্ডিয়া' iPhone 18 Pro Max পৌঁছে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।