
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে মেসেজ শিডিউল করতে পারবেন। এর ফলে অনলাইনে না থাকলেও আপনার বেছে নেওয়া তারিখ ও সময়ে নির্দিষ্ট মানুষের কাছে মেসেজ পৌঁছে যাবে। বুধবার আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশ্বব্যাপী এই ফিচার চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা ১০ মিনিট থেকে ১৪ দিন আগে পর্যন্ত যেকোনো মেসেজ শিডিউল করে রাখতে পারবেন।
টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ টাইপ করে সেন্ড বোতামটি চেপে ধরে রাখলেই শিডিউল করার অপশন পাবেন। এরপর কবে, কখন মেসেজটি পাঠাতে চান, সেই তারিখ ও সময় বেছে নিতে পারবেন। ব্যবহারকারীরা তাদের শিডিউল করা সব মেসেজ দেখতে পাবেন এবং পাঠাতে না চাইলে সেগুলো মুছেও ফেলতে পারবেন। তবে, শিডিউল করার পরে মেসেজ পাঠানোর সময় পরিবর্তন করা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এই আপডেটের আরেকটি দারুণ বিষয় হলো, ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকলেও শিডিউল করা মেসেজ ঠিক সময়ে চলে যাবে। ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি ও ভিডিও শিডিউল করতে পারবেন। হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে এই ফিচারের ঘোষণা করেছে, এটি তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের 'সবচেয়ে কাঙ্ক্ষিত ফিচারগুলোর' মধ্যে একটি। 'সঠিক সময়ে কথা বলুন শিডিউল করা মেসেজের মাধ্যমে' (Say it at the right time with scheduled messages) শিরোনামের ওই ব্লগ পোস্টে কোম্পানিটি জানিয়েছে কীভাবে নতুন অপশনটি ব্যবহার করা যাবে।
পোস্টটিতে বলা হয়েছে, 'কোনো মেসেজ শিডিউল করতে হলে সেন্ড বোতামটি চেপে ধরে রাখুন এবং মেসেজটি পৌঁছানোর তারিখ ও সময় বেছে নিন।'
এই ফিচারের সাহায্যে এখন থেকে ঠিক সময়ে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো আরও সহজ হবে, বিশেষ করে যারা আলাদা টাইম জোনে থাকেন তাদের জন্য। এছাড়া ব্যবসায়ীরা গ্রাহকদের জন্য মেসেজ ও আপডেট প্ল্যান করতে পারবেন। পাশাপাশি, যারা কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তারা তাদের টিমের জন্য রিমাইন্ডার ও আপডেট শিডিউল করতে পারবেন।