
Temple Device: খাবার সরবরাহের অনলাইন সংস্থা জোম্যাটোর প্রাক্তন সিইও তিনি। সম্প্রতি জোর চর্চায় সেই দীপিন্দর গোয়েল। তাঁর রগে আটকানো একটা ছোট্ট 'ডিজিটাল বোতাম'কে ঘিরেই আগ্রহে অধীর নেটপাড়া। ছবিতে দেখা যাচ্ছে, কপালের পাশে রগের কাছে আটকানো রয়েছে একটা ছোট্ট কালো রঙের ডিভাইস। প্রশ্ন উঠছে, কী কাজ এই ডিভাইসের? দামই বা কত? নতুন ডিভাইসটির নাম ‘টেম্পল’ (Temple)। এমাস থেকেই প্রি-বুকিং শুরু হয়েছে। নতুন বছরের শুরুর দিকেই বাজারে এসে পড়বে এই যন্ত্র। ইতিমধ্যেই টেক দুনিয়ায় একে বলা হচ্ছে 'স্মার্টওয়াচ কিলার'।
সাধারণ স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড মূলত হাতের কবজিতে থাকে এবং হার্ট রেট, স্টেপ কাউন্ট মাপে। কিন্তু টেম্পল কাজ করে একেবারে অন্য লেভেলে। সংস্থার দাবি, একটা-দু'টো নয়, শরীরে নজরদারির অনেক কাজই দিব্যি করে দিতে পারে এই ডিভাইস।
স্মার্টওয়াচের মতো যন্ত্র যেভাবে আপনার ঘুম, হৃদযন্ত্রের গতি, সারা দিনের শারীরিক সক্রিয়তা মাপে, সেসব কাজ অনায়াসেই করে ফেলবে 'টেম্পল'। কিন্তু এর আসল ইউএসপি হল ব্রেন ট্র্যাকিং।
এই ডিভাইস নজরদারি চালাবে - ১. মস্তিষ্কের স্বাস্থ্য (Brain Health): আপনি কতটা ফোকাসড, মানসিক চাপ কতটা ২. বার্ধক্যের গতি (Aging Speed): আপনার শরীর ভিতর থেকে কত দ্রুত বুড়িয়ে যাচ্ছে ৩. কগনিটিভ ফাংশন: স্মৃতিশক্তি, মনোযোগ, চেতনার কার্যপ্রণালী কেমন আছে ৪. ঘুম ও স্ট্রেস: গভীর ঘুম হচ্ছে কি না, স্ট্রেস লেভেল কত
অর্থাৎ স্মার্টওয়াচ যেখানে শুধু শরীর মাপে, টেম্পল সেখানে মন ও মস্তিষ্কও মাপবে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, স্মার্টওয়াচের দিন গেল।
প্রথমে জানা গিয়েছিল, যন্ত্রটির দাম হতে পারে ৭২ হাজার টাকা। তবে এখন জানা যাচ্ছে, এর ফাইনাল দাম পড়বে ৮৫ হাজার টাকা। দাম বেশি হলেও, টেক প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রিবুকিং। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রি-বুক করা যাচ্ছে। আগামী বছরের শুরুর দিকেই তা বাজারজাত হবে বলে সংস্থাটির তরফে ঘোষণা করা হয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে - জোম্যাটো কিন্তু নির্মাণ করেনি যন্ত্রটি। বরং দীপিন্দর গোয়েলের স্বাধীন গবেষণা ও তাঁর নতুন হেলথ-টেক স্টার্টআপের মাধ্যমেই তৈরি করা হয়েছে তাকে। এবং সেই গবেষণা এখনও চলছে। ভবিষ্যতে এটি আরও উন্নত হবে বলেই আশা করা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।