WhatsApp Update: WhatsApp এবার চারটি দারুণ নতুন ফিচার নিয়ে এসেছে। এবার থেকে আইপ্যাডে সরাসরি লগইন করা যাবে, চ্যাটের মধ্যেই এডিট করা যাবে পিডিএফ। এছাড়াও কার-প্লে এবং স্পটিফাই মিউজিক শেয়ারিংয়ের মতো সুবিধাও পাওয়া যাবে। জেনে নিন বিস্তারিত।
বহুদিন ধরেই WhatsApp ব্যবহারকারীরা এই ফিচারটির জন্য অপেক্ষা করছিলেন। আগে আইপ্যাডে WhatsApp ব্যবহার করতে হলে ফোনের সাহায্য নিতে হত। QR কোড স্ক্যান করে ডিভাইস লিঙ্ক করতে হত। কিন্তু নতুন আপডেটের পর, এই ঝামেলার দিন শেষ। এবার থেকে সরাসরি আইপ্যাডেই নতুন WhatsApp অ্যাকাউন্ট রেজিস্টার করা যাবে। অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর ও OTP দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করা যাবে। এরপর আপনার আইপ্যাড একটি স্বাধীন ডিভাইস হিসেবে কাজ করবে। ফোন বন্ধ থাকলেও বা কাছে না থাকলেও আইপ্যাডে চ্যাট বা কল করতে কোনও অসুবিধা হবে না।
25
WhatsApp-এ PDF ফাইল আদান-প্রদান
অফিসের কাজ হোক বা পড়াশোনা, আমরা প্রায়ই WhatsApp-এ PDF ফাইল আদান-প্রদান করি। এতদিন কোনও PDF এলে, তা ডাউনলোড করে অন্য কোনও অ্যাপে খুলতে হত। কিন্তু এখন আর সেই ঝামেলা আর নেই। WhatsApp ওয়েব এবং ডেস্কটপ অ্যাপে সরাসরি PDF দেখা এবং এডিট করার সুবিধা চালু করেছে মেটা। Adobe Acrobat-এর সঙ্গে যৌথভাবে এই ফিচারটি আনা হয়েছে। এর মাধ্যমে আপনি চ্যাট উইন্ডোতেই PDF ফাইল খুলতে পারবেন। শুধু তাই নয়, হাইলাইট করা বা নোটস লেখার মতো ছোটখাটো এডিটিংও করা যাবে। Adobe ইঞ্জিন ব্যবহার হলেও আপনার ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
35
ফেভারিট কন্ট্যাক্ট অ্যাক্সেস
গাড়ি চালানোর সময় মেসেজ দেখা বা ফোনে কথা বলা খুবই বিপজ্জনক। তাই সুরক্ষিতভাবে যোগাযোগের জন্য WhatsApp তার অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে-এর অভিজ্ঞতা ঢেলে সাজিয়েছে। আগে গাড়ির স্ক্রিনে WhatsApp-এর ফিচার খুব সীমিত ছিল। নতুন আপডেটের পর, এবার থেকে আপনি হ্যান্ডস-ফ্রি মোডে মেসেজ শুনতে পারবেন এবং ভয়েস কমান্ডের মাধ্যমে তার উত্তরও দিতে পারবেন। এছাড়াও, সরাসরি কার-প্লে ডিসপ্লে থেকেই ভয়েস কল করা, মিসড কল হিস্ট্রি দেখা এবং ফেভারিট কন্ট্যাক্ট অ্যাক্সেস করা অনেক সহজ হয়ে গেছে।
গান ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর পছন্দের গান বন্ধুদের সঙ্গে শেয়ার করার মজাই আলাদা। এতদিন Spotify বা Apple Music-এর কোনও গান WhatsApp-এ শেয়ার করতে হলে স্ক্রিনশট বা লিঙ্ক কপি করতে হত। কিন্তু এবার সেই দিন শেষ। এখন থেকে Spotify এবং Apple Music অ্যাপ থেকে সরাসরি WhatsApp স্ট্যাটাসে গান শেয়ার করা যাবে। শেয়ার বাটনে ক্লিক করে WhatsApp স্ট্যাটাস বেছে নিলেই, গানের অ্যালবাম আর্ট, নাম এবং শিল্পীর বিবরণ সহ একটি সুন্দর মিউজিক কার্ড তৈরি হয়ে যাবে। আপনার বন্ধুরা সেই স্ট্যাটাসে ক্লিক করে সরাসরি গানটি শুনতে পারবেন।
55
ফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে
মেটা-র আনা এই চারটি গুরুত্বপূর্ণ ফিচার বিশ্বজুড়ে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে। যেহেতু মেটা সাধারণত পর্যায়ক্রমে আপডেট প্রকাশ করে, তাই কেউ হয়তো এখনই এই ফিচারগুলি পেয়ে গিয়েছেন, আবার অন্যদের কাছে পৌঁছতে কয়েক দিন সময় লাগতে পারে। এই নতুন ফিচারগুলি পেতে, আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে WhatsApp অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।