
Rekha Patra News | সন্দেশখালিতে ফের উত্তেজনা। এবার জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শরিকের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের বউঠাকুরন গ্রামে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। কী ঘটেছিল বউঠাকুরন গ্রামে? স্থানীয় সূত্রে খবর, রেখা পাত্রের বাপের বাড়ির প্রায় ৯ বিঘা চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। ২০১৪ সালে এই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, আদালতের নির্দেশ মেনে অপরপক্ষ জমিতে চাষ করতে গেলে রেখা পাত্র ও তাঁর অনুগামীরা বাধা দেন এবং সেখান থেকেই শুরু হয় হাতাহাতি ও গালিগালাজ।