
Bus Conductor Returns Lost Money: চলন্ত বাসে হারিয়ে গিয়েছিল জমানো ২৪ হাজার টাকা। অভাবের সংসারে সেই টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন ৭৫ বছরের কাসাবাই গায়কোয়াড়। সেটাই স্বাভাবিক। টাকা এমনই একটা জিনিস হারালে আর পাওয়া যায় না। কিন্তু তাঁর সঙ্গে ঘটল অভাবনীয় কাণ্ড। জীবন যে মাঝে মাঝে রূপকথা বা নাটকের চিত্রনাট্যকেও হার মানায়, তা আরও একবার প্রমাণ করে দিল মহারাষ্ট্রের এক সরকারি বাসের (MSRTC) কন্ডাক্টরের অসামান্য সততা। দীর্ঘ ২৪ মাস পর বৃদ্ধার খোয়া যাওয়া সম্বল অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন তিনি।
ঘটনার সূত্রপাত দু'বছর আগে। মহারাষ্ট্রের বাসিন্দা প্রবীণ কাসাবাই গায়কোয়াড় বাসে যাতায়াত করার সময় অসাবধানতাবশত নিজের কষ্টার্জিত ২৪ হাজার টাকা ভর্তি ব্যাগটি বাসের আসনেই ফেলে নেমে যান। গন্তব্যে পৌঁছানোর পর ব্যাগ হারানোর কথা টের পেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বৃদ্ধা ধরে নিয়েছিলেন, সম্বলটুকু চিরতরে খোয়া গেল। কিন্তু ভাগ্যক্রমে সেই টাকার ব্যাগটি পেয়েছিলেন বাসের ডিউটিতে থাকা কন্ডাক্টর রাজু। ব্যাগ খুলে বিপুল পরিমাণ নগদ টাকা দেখে রাজু বুঝতে পেরেছিলেন, এটি নিশ্চিতভাবেই কোনো অসহায় সাধারণ যাত্রীর সারা জীবনের সঞ্চয়। কোনো লোভ প্রকাশ না করে রাজু টাকাটি নিজের কাছে অত্যন্ত সতর্কতার সঙ্গে গচ্ছিত রাখেন এবং প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকেন, কখন আবার ওই প্রবীণ যাত্রীর দেখা মিলবে।
কাটে দীর্ঘ দুই বছর। সম্প্রতি অলৌকিকভাবেই কন্ডাক্টর রাজুর ডিউটি থাকা বাসে আবারও এসে ওঠেন বৃদ্ধা কাসাবাই। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁকে চিনে ফেলেন সচেতন রাজু। এর পর এক মুহূর্তও দেরি না করে কাসাবাইয়ের কাছে যান তিনি। দুই বছর আগের সেই ঘটনার বিবরণ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর, রাজু তাঁর পকেট থেকে সযত্নে রাখা ২৪ হাজার টাকা ভর্তি খামটি কাসাবাইয়ের হাতে তুলে দেন।
দীর্ঘ সময় পর হারিয়ে যাওয়া টাকা এইভাবে সম্পূর্ণ ফেরত পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন কাসাবাই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তাঁর। কন্ডাক্টর রাজুর এই অভূতপূর্ব সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে তাঁকে পরম স্নেহে আশীর্বাদ করেন তিনি এবং কৃতজ্ঞতার প্রতীক হিসেবে রাজুর হাতে ১,১০০ টাকা উপহার তুলে দেন। আজকের দিনে দাঁড়িয়ে সততার এই বিরল দৃষ্টান্ত সমাজকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। মহারাষ্ট্র পরিবহণ নিগম ও স্থানীয় বাসিন্দারা কন্ডাক্টর রাজুর এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেছেন।