
Mamata Banerjee Fir News: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি। অভিযোগ, ২০২৫ সালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত ঈদের এক অনুষ্ঠানে তিনি হিন্দুত্ব ও হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। সরকারে থাকা অবস্থায় একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে এবার তৃণমূল সুপ্রিমোর নামে এফআইআর দায়ের হলো থানায়।
সূত্রের খবর, অভিযোগকারী রিঙ্কি চ্যাটার্জির দাবি- ওই ঘটনার পর তিনি প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলেও অভিযোগ তাঁর। পাশাপাশি থানায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একটি ধর্নামঞ্চ থেকেও হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই সমস্ত বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ।
এই দুই ঘটনাকে সামনে রেখেই সোমবার শিলিগুড়ি সাইবার থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও ও সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু পোস্টের উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি ও ডিজিটাল তথ্য যাচাই করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে মমতার নামে এফআইআর দায়ের হতেই তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে অস্বস্তি। কারণ, বিষয়টি যে আগেই মোটেও ভালো চোখে দেখেননি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পেশায় আইনজীবী অত্রি শর্মা। তার মন্তব্য ঘিরে দলের অন্দরে বেড়েছে তরজা। অত্রি শর্মা জানান, ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আর এতেই যেন আগুনে ঘৃতাহুতি! তৃণমূল সুপ্রিমোকে নিয়ে যে তার নিজের দলের অন্দরেই ক্ষোভ রয়েছে চরমে তা আরও একবার প্রকাশ্যে চলে এলো।
গত ৪ মে-র পর থেকে রাজ্যে সরকার বদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন বিপুল ভোটে। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবর্তনের প্রেক্ষাপটে এবার শিলিগুড়ি সাইবার থানায় ওই দুই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রিঙ্কি চট্টোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, ''আইনত যে ব্যবস্থা নেওয়া সম্ভব, আমি তাঁর অপেক্ষায় রয়েছি।''
তবে এই প্রথম নয়। গত বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়৷ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেককে৷ আর এবার পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে জমা পড়ল থানায় নালিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.