
Adhir Chowdhury Baharampur:লোকসভায় গড় হাতছাড়া হয়ে 'বেতাজ বাদশা'-র তকমা হারিয়েছেন। এবার বিধানসভায় গড় উদ্ধার করতে নামছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সাংসদের তকমা হারিয়ে এবার বিধায়ক হওয়ার লড়াইয়ে অধীর। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহরমপুর বিধানসভা থেকে লড়তে চলেছেন অধীর। বহরমপুরে 'চৌধুরী ভিলা'য় অধীরের প্রত্যাবর্তনের পর বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই পদক্ষেপ ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সব ঠিকঠাক হলে এই প্রথম অধীর চৌধুরীকে বিধানসভায় লড়তে দেখা যেতে পারে। কট্টর মমতা বন্দ্য়োপাধ্যায় বিরোধী হিসাবে তুলে ধরে এবার বিধানসভায় যেতে মরিয়া অধীর। গতবার বহরমপুর বিধানসভা জিতেছিলেন বিজেপির সুব্রত মিত্র।
ফলে অধীরকে এবার বিজেপির গড়ে জিততে হবে। এবার বিজেপির জেতা বহরমপুরে হাতে আস্থা ফেরাতে চান তিনি। গতবার বিধানসভা নির্বাচনে রাজ্যে একটা আসনও জিততে পারেনি কংগ্রেস। এবার কংগ্রেসের শূন্য কাটাতে অধীর বড় বাজি হতে চলেছেন।
অধীরের পাশাপাশি রাজ্যের সব বড় নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতে জয়ী নেতা ও রাজ্যের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজনকে টিকিট দিতে চলেছে কংগ্রেস। আগামী সপ্তাহেই বঙ্গে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। মালদার সুজাপুর থেকে মৌসম বেনজির নুরের প্রার্থী হওয়া নিশ্চিত। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বামেদের সঙ্গ ছেড়ে রাজ্যের ২৯৪টি আসনেই একা লড়ছে কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও উত্তরবঙ্গের কিছু আসনে জিততে পাখির চোখ করছে হাত শিবির। কংগ্রেসের আশা সব ঠিকঠাক থাকলে এবার বাংলা থেকে ৫-১০টি আসন জেতার ক্ষমতা রাখে তারা। শেষ পর্যন্ত রাজ্যে কিং মেকারের ভূমিকায় থাকতে চাইছে কংগ্রেস হাইকমান্ড।
1999 সাল থেকে টানা পাঁচবার বহরমপুর লোকসভা থেকে একচেটিয়া জয় পেয়ে এসেছিলেন অধীর। কিন্তু টিম ইন্ডিয়াক প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে বহরমপুরে অধীরকে পরাস্ত করে তৃণমূল। বহরমপুর লোকসভার সব কটি আসনেই লিড ছিল তৃণমূলের। তবে বহরমপুর বিধানসভায় অধীর ভাল ভোট পেয়েছিলেন।
গত বিধানসভা ভোটে বহরমপুরে বিজেপির সুব্রত মিত্র প্রায় ২৬ হাজার ভোটে হারান দিদির দলের প্রার্থী নাড়ুগোপাল মুখার্জিকে। সেখানে তৃতীয় হওয়া কংগ্রেসের মনোজ চক্রবর্তী ৪০ হাজার ভোট পেয়েছিলেন। যেখানে বিজেপির সুব্রত মিত্র পেয়েছিলেন প্রায় ৮৯ হাজার ভোট। ২০১৬ বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী কংগ্রেসের মনোজ চক্রবর্তীর প্রাপ্ত ভোট ছিল ৬৯ শতাংশ, সেখানে পাঁচ বছর পর কংগ্রেসের ভোট কমে দাঁড়ায় মাত্র ২০ শতাংশে। সেখানে বিজেপির ভোট বেড়েছিল ৩৫ শতাংশ। অধীরকে বিধায়ক হলে বিজেপির ভোটব্য়াঙ্কে ধস নামাতেই হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.