
Swapna Barman Joins TMC: সোনার মেয়ে স্বপ্না বর্মণ এবার যোগ দিলেন রাজনীতি। ২০১৮ এশিয়ান গেমসে সোনা জয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রশংসা করলেন। ভারতের প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনার পদক জেতার নজির গড়া স্বপ্না এবার ভোটে দাঁড়াতে পারেন। খুব সম্ভবত জলপাইগুড়ির কোনও কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দেখা যাবে ৩০ বছরের বাংলার বিখ্যাত অ্য়াথলিটকে।
ক'দিন আগেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখন থেকেই একটা জল্পনা ছিল। তবে আগে শোনা যাচ্ছিল স্বপ্না হয়তো বিজেপিতে যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত স্বপ্না বেছে নিলেন জোড়াফুলকেই।
এদিন কলকাতায় তৃণমূল ভবনে স্বপ্না বর্মন-কে দলে স্বাগত জানান মন্ত্রী ব্রাত্য বসু, গৌতম দেব ও চন্দ্রিমা ভট্টাচার্য। স্বপ্নার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য, চন্দ্রিমা, গৌতম। ২০১৮ সালে জাকার্তা ও পালেমবাং এশিয়ান গেমসে হেপ্টাথলন ইভেন্টে সোনা জিতেছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। স্বপ্নার বাবা ছিলেন রিকশাচালক, পরে অসুস্থ হয়ে পড়েন। খুব আর্থিক কষ্টের মধ্যে বড় হয়ে নিজেকে এশিয়ার সেরা অ্য়াথলেট হিসাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সফল হয়েছিলেন। প্রসঙ্গত, এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী দৌড়বিদ জ্য়োর্তিময়ী সিকদার সিপিএমের হয়ে জিতে সাংসদ হয়েছিলেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.