
বারাসত আদালতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক আইনজীবী। বুধবার সকালে বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন এলাকায় অটো ও রডবোঝাই মেশিন ভ্যানের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দু’জন আইনজীবী আহত হয়েছেন এবং বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত আইনজীবীর নাম উত্তম দস্তিদার (৪৯)। দীর্ঘদিন ধরে তিনি বারাসত আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সিনিয়র আইনজীবী শ্যামাপদ সেন এবং তাঁর ভাগ্নে তথা আইনজীবী উত্তম দস্তিদার-সহ তিনজন ব্যারাকপুর থেকে বারাসত আদালতের উদ্দেশে রওনা দেন। সাধারণত তাঁরা ভাড়ার গাড়িতে যাতায়াত করলেও সেদিন গাড়ি না পাওয়ায় একটি অটো ভাড়া করে আদালতের পথে বেরিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলগঞ্জ এলাকায় একটি মেশিন ভ্যানে লোহার রড বহন করা হচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রডবোঝাই ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর অটোটি রাস্তার ধারের একটি গাছে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার জেরে ভ্যানের একটি লোহার রড অটোর ভেতরে ঢুকে উত্তম দস্তিদারের বুকে বিদ্ধ হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। একটি ওয়েল্ডিং মেশিনের দোকান থেকে প্রয়োজনীয় যন্ত্র এনে রড কেটে অটোর ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উত্তম দস্তিদারকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালের পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।
অপর দুই আহত আইনজীবীর চিকিৎসা হাসপাতালে চলছে। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা।
এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে বারাসত আদালত চত্বরে। সহকর্মী আইনজীবী ও পরিচিত মহলের অনেকেই উত্তম দস্তিদারের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আদালতের আইনজীবীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের তথ্য সংগ্রহের পাশাপাশি যানবাহনগুলির অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.