
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা এলাকার শিবনগর গ্রামে প্রথম দফা নির্বাচনের আগে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ।
ঘটনাস্থল থেকে ৫০ মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভার তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই বোমাবাজির ঘটনা ঘটেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.